মহুয়া মৈত্রকে বড় ধাক্কা! লোকপালের পরবর্তী শুনানি রুখতে নারাজ দিল্লি হাই কোর্ট, স্বস্তি পেলেন নিশিকান্ত দুবে

‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ কাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-কে বড়সড় ধাক্কা দিল দিল্লি হাই কোর্ট। লোকপালের কাছে মামলার পরবর্তী শুনানি রুখতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি, কিন্তু বিচারপতিরা সেই আবেদনে স্থগিতাদেশ দিতে স্পষ্ট অস্বীকার করেছেন। এই রায়ের ফলে এই মামলার অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে স্বস্তি পেলেন। আগামী ৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি লোকপালের কাছে নির্ধারিত রয়েছে।
আইন বিষয়ক সংবাদমাধ্যম ‘লাইভ ল’-এর রিপোর্ট অনুযায়ী, দিল্লি হাই কোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথ শঙ্করের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতিরা মহুয়ার আবেদনে স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন। তবে আদালত জানায়, সাংসদ চাইলে লোকপালের কাছে এই বিষয়ে আবেদন জানাতে পারেন।
সূত্রের খবর, লোকপালের কাছে মামলার পরবর্তী শুনানি রুখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ ছিল, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সংবাদমাধ্যমের সামনে লোকপালের কাছে জমা পড়া একাধিক গোপন নথি ও তথ্য ফাঁস করেছেন, যা আইনসম্মত নয়। আদালতে মহুয়ার আইনজীবী সমুদ্র সাড়ঙ্গী যুক্তি দেন যে, লোকপালের কাছে জমা পড়া সংবেদনশীল তথ্য জনসমক্ষে তুলে ধরা বেআইনি। তাই এই পরিস্থিতিতে শুনানি স্থগিত হওয়া উচিত। যদিও আদালত এই যুক্তিতে সায় দেয়নি।
প্রসঙ্গত, গত বছরই লোকপাল এই মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল। দীর্ঘ তদন্তের পর সম্প্রতি সিবিআই লোকপালের কাছে রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টে শিল্পপতি দর্শন হিরানন্দানির নামও উঠে আসে। সিবিআই-এর রিপোর্টের ভিত্তিতেই লোকপালে আগামী ৬ অক্টোবর শুনানির দিন ঠিক হয়েছে।