পুজোয় নিশ্চিন্তে ঘুরুন পাহাড়-সমুদ্র! ঘর ফাঁকা রাখার চিন্তা দূর, এবার আপনার বাড়ি ‘লক্ষ্য’ রাখবে পুলিশ

দুর্গাপুজোর ছুটিতে যারা বাড়ি ছেড়ে দূর-দূরান্তে পাহাড়, জঙ্গল বা সমুদ্রে বেড়াতে যেতে চান, কিন্তু ঘর ফাঁকা রাখার ভয়ে যেতে পারেন না—তাঁদের জন্য সুখবর। পুজোর সময় বাড়ি চুরি ও ছিনতাইয়ের ঘটনা রুখতে এবার বিশেষ ব্যবস্থা নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। শুধুমাত্র লোকাল থানায় জানিয়ে গেলেই, আপনার তালাবন্ধ বাড়িতে নজরদারি চালাবে পুলিশ।
পুজোর ঠিক প্রাক্কালে সাংবাদিক সম্মেলন করে এই আশ্বাস দেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।
পুলিশ সুপার কী বললেন?
জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, প্রতি বছর পুজোর সময় বাড়ি চুরির ঘটনা প্রচুর লক্ষ্য করা যায়, কারণ মানুষজন বাড়িতে তালা মেরে ঘুরতে যান। তাঁর মতে, যারা বেড়াতে যাচ্ছেন, তারা যেন দু’টি বিষয়ে সতর্ক থাকেন:
১. সোশ্যাল মিডিয়া সতর্কতা: “এখন মানুষজন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পোস্ট করেন। ঘুরতে গেলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কোনো দরকার নেই,” সতর্ক করেন পুলিশ সুপার।
২. প্রতিবেশী ও থানায় খবর: কোথাও ঘুরতে যাওয়ার আগে পাশের বাড়িতে অন্তত জানিয়ে যাওয়া উচিত। পাশাপাশি, লোকাল থানায় খবর দিয়ে যান।
পুলিশ সুপার আরও জানান, “আপনারা লোকাল থানায় খবর দিলে আপনাদের বাড়ি পেট্রোলিংয়ের মধ্যে থাকবে।”
চোরদের রুখতে ২৪ ঘণ্টার নজরদারি
জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, চুরি ছিনতাইয়ের ঘটনা রুখতে পুজোর সময় বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি থানা এলাকাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে ২৪ ঘণ্টা মটরবাইক ও গাড়ি করে নজরদারি চালানো হচ্ছে। এর ফলে যারা বাড়ি ছেড়ে বেড়াতে যাচ্ছেন, তাদের আর চুরির ভয়ে ভ্রমণ বাতিল করতে হবে না বা পরিবারের কোনো সদস্যকে বাড়িতে রেখে যেতে হবে না।
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার তমলুকসহ বিভিন্ন এলাকায় গত দু-এক মাসে ঘর চুরির ঘটনা বেশ কয়েকবার হয়েছে। পুজোর সময় এই ধরনের ঘটনা যাতে মাথাচাড়া দিতে না পারে, তা নিশ্চিত করতেই জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগ। তাই এবার আর ইচ্ছেকে অবদমিত করে রাখা নয়, পুলিশকে জানিয়ে নিশ্চিন্তে উপভোগ করুন আপনার পুজোর ছুটি।