“দু’বার হেরেছি তো কী? ফাইনালে ভারতকে হারানোর নীল নকশা তৈরি!”—কড়া হুঁশিয়ারি দিলেন পাক কোচ

এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার আগে চরম আত্মবিশ্বাসী পাকিস্তানের ক্রিকেট শিবির। গ্রুপ পর্ব এবং সুপার ফোরে দু’বার ভারতের কাছে হারলেও, এবার আর ভুল করতে চান না পাকিস্তান দলের কোচ মাইক হেসন। সম্প্রতি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি ঘোষণা করলেন— ফাইনালে ভারতকে হারানোর ‘নীল নকশা’ (Blueprint) তৈরি করে ফেলেছেন তাঁর দল।
বৃহস্পতিবার বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার পরই সাংবাদিকদের মুখোমুখি হন পাকিস্তানের কোচ। তিনি স্পষ্ট জানান, এই মুহূর্তে তাঁরা শুধু ক্রিকেটের দিকেই মনোযোগী হতে চান।
মাইক হেসন বলেন, “প্লেয়ারদের বলেছি শুধু খেলায় মন দিতে। আপাতত বাকি সব ভুলে যাও। আমরা ক্রিকেট নিয়েই ভাবি। এটাই আমাদের কাজ।” তিনি স্বীকার করেন, ভারত বনাম পাকিস্তান ম্যাচে একটা আলাদা উত্তেজনা থাকেই, কিন্তু তাঁরা কোনো বিতর্ক চান না।
চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত দু’বার ভারতের মুখোমুখি হয়ে দু’বারই হেরেছে পাকিস্তান। সেইসব স্মৃতি ভুলে যেতে চাইছেন পাক কোচ। তিনি বলেন, “নিজেদের যোগ্যতায় আমরা ফাইনালে উঠেছি। এখন কাজ হল সেটার সদ্ব্যবহার করা। ভারতকে হারানোর নীল নকশা তৈরি। মাঠেই সেটা প্রকাশ করা হবে।” হেসেনের মতে, আগের হার মনে না রেখে রবিবারের ফাইনাল জেতাটাই পাকিস্তানের একমাত্র লক্ষ্য।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেসন ভারতকে হারানোর কৌশল নিয়েও ইঙ্গিত দেন। গত ম্যাচে হারের কথা মনে করিয়ে তিনি বলেন, “প্রথম ম্যাচে আমরা নিজেরাই ওদের আমাদের উপর নিয়ন্ত্রণ কায়েম করার জায়গা করে দিয়েছিলাম। তবে দ্বিতীয় ম্যাচে আমরা দীর্ঘক্ষণ ওদের ওপর চাপ ধরে রেখেছিলাম।”
তাঁর মতে, আসন্ন রবিবার খেলাটা একটু অন্যরকম হবে। কোচ মনে করছেন, “প্রথম থেকেই ওদের উপর চাপ ধরে রাখতে পারলে আর কথা নেই!” অর্থাৎ, সলমান আলি আঘাদের পথপ্রদর্শক মনে করছেন, প্রথম থেকেই ভারতকে চেপে ধরতে পারলেই এই মেগা ফাইনালে জয় আসবে পাকিস্তানের হাতে। এখন দেখার, মাঠের খেলায় তাদের এই ‘নীল নকশা’ কতটা কার্যকরী হয়।