পুজোর সকালে চাই অভিনব জলখাবার? রইল রাজকীয় স্বাদের ‘স্টাফড আলুর দম’-এর সহজ রেসিপি

দুর্গাপূজা মানেই জমিয়ে আড্ডা আর বাড়িতে অতিথিদের ভিড়। আর উৎসবের দিনে সাধারণ রান্নার বদলে চাই বিশেষ কিছু। সাধারণ আলুর দম তো সবসময়ই হয়, কিন্তু এবার পুজোর সকালে অতিথিদের মন জয় করতে বানিয়ে ফেলুন ‘স্টাফড আলুর দম’। পনির ও কাজু-পোস্তর পুরে তৈরি এই পদটি খুবই অল্প উপকরণে বানানো সম্ভব। দেখে নিন সেই রেসিপি।

উপকরণ
আলু: ছোট আকারের (সেদ্ধ করা)

পুর তৈরির জন্য: পনির, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, টমেটো কুচি, আদা বাটা, জিরে গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি, জল ঝরানো টক দই।

ফোড়নের জন্য: জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি।

অন্যান্য: তেল, জল, ধনে পাতা কুচি।

প্রস্তুত প্রণালী
১. আলু প্রস্তুতকরণ ও পুর তৈরি:

প্রথমে ছোট আকারের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে।

একটি চামচের সাহায্যে আলুর ভেতরটা সাবধানে ফাঁপা করে নিতে হবে, যাতে পুর ভরা যায়।

একটি বাটিতে পনির (হাতে গুঁড়ো করা), কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, টমেটো কুচি, আদা বাটা, জিরে গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি ও জল ঝরানো টক দই দিয়ে একটি ঘন ও সুস্বাদু পুর তৈরি করে নিন।

তৈরি করা এই পুরটি আলুর ফাঁপা অংশের ভেতরে ভালোভাবে ভরে দিতে হবে।

২. গ্রেভি ও রান্না:

একটি কড়াইতে তেল গরম করে জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিন।

এবার কড়াইতে গ্রেভির জন্য সামান্য আদা বাটা, টমেটো কুচি, জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন।

মশলা কষানো হয়ে গেলে জল ও পরিমাণমতো নুন যোগ করুন।

গ্রেভি ফুটতে শুরু করলে পুর ভরা আলুগুলো সাবধানে গ্রেভির মধ্যে ছেড়ে দিন।

কম আঁচে কিছুক্ষণ ঢেকে রান্না করুন, যাতে আলু নরম হয় এবং মশলার ফ্লেভার আলুর ভেতরে প্রবেশ করতে পারে।

৩. পরিবেশন:

আলু নরম হয়ে গেলে এবং গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে নিন।

উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দিন এবং লুচি, পরোটা বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন রাজকীয় স্বাদের স্টাফড আলুর দম।