পাক ক্রিকেটারদের উস্কানিমূলক অভিব্যক্তির বিরুদ্ধে ICC-তে BCCI! পাল্টা সূর্যকুমারের বিরুদ্ধে অভিযোগ পিসিবি-র

এশিয়া কাপের ফাইনাল যত ঘনিয়ে আসছে, ততই মাঠের বাইরের ভারত-পাক ক্রিকেটীয় লড়াই তীব্র হচ্ছে। গ্রুপ পর্বের হ্যান্ডশেক-বিতর্কের রেশ না কাটতেই সুপার ফোরের ম্যাচে পাক ক্রিকেটারদের উস্কানিমূলক অঙ্গভঙ্গি নিয়ে চরম উত্তেজনা শুরু হয়েছে। এই ঘটনার জেরেই দুই পাক ক্রিকেটারের বিরুদ্ধে সরাসরি আইসিসি-র (ICC) দ্বারস্থ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, বুধবার দুই পাক ক্রিকেটার শাহিবজাদা ফারহান এবং হ্যারিস রাউফের বিতর্কিত অভিব্যক্তির বিরুদ্ধে বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডির কাছে মেইলে অভিযোগ দায়ের করেছে বিসিসিআই।
শাহিবজাদা ফারহান: হাফসেঞ্চুরি পূর্ণ করার পর তিনি ব্যাট উঁচিয়ে বন্দুকের সেলিব্রেশন করেন।
হ্যারিস রাউফ: বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় অনুরাগীদের উদ্দেশে ভারতবিরোধী অঙ্গভঙ্গি করেন। পাক পেসার তাঁর অভিব্যক্তির মাধ্যমে ভারতের যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়ার ইঙ্গিত করেন বলে অভিযোগ। বিসিসিআই এই আচরণকে মোটেই ভালোভাবে নেয়নি।
আইসিসি এই বিষয়ে শুনানির বন্দোবস্ত করতে পারে, যেখানে সংশ্লিষ্ট দুই ক্রিকেটারকে লিখিতভাবে উস্কানিমূলক আচরণের বিষয়টি অস্বীকার করতে হতে পারে। সেক্ষেত্রে তাঁদের আইসিসি-র এলিট প্যানেল রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিতে হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে রিপোর্টে প্রকাশ।
গ্রুপ পর্বের ম্যাচে পাক ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বিনিময় না করার প্রসঙ্গে সূর্যকুমার যাদব পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর এবং ‘অপারেশন সিঁদুর’ সংঘটিত করা সশস্ত্র বাহিনীকে জয় উৎসর্গ করার কথা বলেছিলেন। সূর্যর এহেন মন্তব্যকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে পিসিবি। তবে অভিযোগটি ঘটনার সাতদিনের মধ্যে দায়ের করা হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়।
এদিকে, ভারত ইতিমধ্যেই বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে প্রথম দল হিসেবে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার ভার্চুয়াল সেমিফাইনালে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হবে। ফলে, ফাইনালে আবারও ভারত-পাক দ্বৈরথ হওয়ার সম্ভাবনা তুঙ্গে।