১০ লক্ষ রেলকর্মীর মুখে হাসি ফোটালেন মোদী! উৎসবের মরশুমে PLB বোনাসে সরকার খরচ করবে ১৮৬৫ কোটি টাকা!

আসন্ন দুর্গাপূজো ও দীপাবলির মরশুমে কেন্দ্রীয় সরকার দেশের রেলকর্মীদের জন্য এক বিরাট সুখবর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রায় ১০.০৯ লক্ষ নন-গেজেটেড রেলকর্মীর জন্য ৭৮ দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস (PLB) মঞ্জুর করেছে। বুধবারের এই সিদ্ধান্তে রেলকর্মীদের হাতে বাড়তি অর্থ আসার পথ তৈরি হল।

রেল মন্ত্রক জানিয়েছে, দেশের প্রায় ১০.০৯ লক্ষ নন-গেজেটেড রেলকর্মী এই বোনাস পাবেন। এই সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার, ট্র্যাক মেইনটেন্যান্স কর্মী, টেকনিশিয়ান, সুপারভাইজার, পয়েন্টসম্যান এবং গ্রুপ ‘সি’ কর্মীরা। তবে আরপিএফ (RPF) ও আরপিএসএফ (RPSF) কর্মীরা এই সুবিধার আওতায় থাকবেন না।

মন্ত্রিসভার অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, এই বোনাস বাবদ সরকার মোট ১ হাজার ৮৬৫.৬৮ কোটি টাকা ব্যয় করবে। তবে ৭৮ দিনের বোনাসের সর্বোচ্চ সীমা ১৭ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও একই অঙ্কের বোনাস পেয়েছিলেন প্রায় ১১ লক্ষ কর্মী।

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কর্মীদের অসাধারণ পরিশ্রম ও কর্মক্ষমতার স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার আশা করছে, উৎসবের মরশুমে কর্মীদের হাতে বাড়তি অর্থ পৌঁছনোর ফলে তাঁদের ক্রয়ক্ষমতা বাড়বে, যা বাজারে চাহিদা বৃদ্ধি করবে এবং উৎসবকেন্দ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে, রেলকর্মীদের বোনাস ঘোষণা হলেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধির ব্যাপারে এখনও কোনও ঘোষণা করা হয়নি। সাধারণত জুলাই থেকে যে বর্ধিত ডিএ কার্যকর হয়, তা এই সময়েই ঘোষণা করা হয়। গতবার রেলকর্মীদের বোনাস ঘোষণার পরেই ডিএ বাড়ানো হয়েছিল। তাই এবারও তেমন কিছুর আশা রাখছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, যদিও এই বিষয়ে সরকারি নিশ্চয়তা মেলেনি।