বন্দুক সরবরাহকারী হিসেবে অভিযোগ, তাও মিলল জামিন! কাউন্সিলরকে খুনের চেষ্টা মামলায় আদিলকে রেহাই দিল হাইকোর্ট

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ-কে খুনের চেষ্টার ঘটনায় অন্যতম অভিযুক্ত আদিল হোসেন-কে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে ১০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। তবে এই জামিন মঞ্জুর হওয়ার কারণ নিয়েই উঠছে প্রশ্ন। কারণ, আদালতের কাছে আদিলকে অভিযুক্ত প্রমাণ করার মতো পর্যাপ্ত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছিল, আদিল বিহারের বাসিন্দা। কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় তিনি বন্দুক সরবরাহ করেছিলেন। এমনকি, যে স্কুটারে চড়ে আততায়ী এসেছিল, সেটিও তিনি চালাচ্ছিলেন। এই গুরুতর অভিযোগের ভিত্তিতেই আবু ধাবি থেকে আসা আদিলকে কলকাতা বিমানবন্দরে লুকআউট নোটিস জারি করে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু আদালত সূত্রে খবর, এসব অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ দিতে পারেনি পুলিশ। ফলস্বরূপ, পর্যাপ্ত প্রমাণের অভাবে আদিলকে রেহাই দিতে বাধ্য হয়েছে আদালত। এই রায়ে ক্ষুব্ধ কাউন্সিলর সুশান্ত ঘোষ। যদিও এখনও পর্যন্ত তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি।

প্রায় এক বছর আগে নভেম্বরের এক শীতের সন্ধ্যায় কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ির সামনেই স্কুটার চড়ে এসে তাঁর উপর গুলি চালানোর চেষ্টা করে এক আততায়ী। তবে গুলি না চলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেই ঘটনায় আদিলকে অন্যতম মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছিল। উল্লেখ্য, শুক্রবার যখন আদিল জামিন পেলেন, তার ঠিক কয়েক ঘণ্টা আগে কাউন্সিলর অনুগামীদের লক্ষ্য করে গুলশন কলোনিতে গুলি ও বোমাবাজির ঘটনা ঘটে।