পুলিশ অফিসারের বাড়িতে ডাকাতির চেষ্টা, সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় গ্রেফতার ৩

দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে পুলিশের এক অফিসারের ফাঁকা বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে মালদহে। তবে স্থানীয় দুই সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় দুষ্কৃতীদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বেড়েছে।

জানা গেছে, দার্জিলিং জেলায় কর্মরত সাব ইন্সপেক্টর বিপ্লব দাসের বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকার পশু হাসপাতালের কাছে। বর্তমানে বাড়িতে কেউ না থাকায় বাড়িটি ফাঁকাই ছিল। গত রাতে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল, তখন প্রায় ১০ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে সেই বাড়িতে জড়ো হয়।

রাত তখন প্রায় ২টা। রাতে টহলরত দুই সিভিক ভলান্টিয়ার পিন্টু দাস এবং বিট্টু দাস ওই দুষ্কৃতীদের দেখতে পেয়ে সন্দেহ প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে তারা হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেন। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কাঞ্চন বেদ, ভোলা বেদ, এবং রঞ্জন বেদ নামে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। যদিও দলের বাকি সদস্যরা পুলিশের আসার আগেই পালিয়ে যায়।

সিভিক ভলান্টিয়ার পিন্টু দাস বলেন, “তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়েছিল। মনে হয়েছিল কিছু একটা করতে এসেছে। সঙ্গে সঙ্গেই আমরা আমাদের সিনিয়র অফিসারদের জানাই।”

পুলিশ ধৃতদের জেরা করে এই ডাকাতির পরিকল্পনার কথা জানতে পেরেছে। বাকি পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। হরিশ্চন্দ্রপুর পুলিশের এই সাফল্যে এলাকার সাধারণ মানুষ সিভিক ভলান্টিয়ারদের পাশাপাশি পুলিশকেও সাধুবাদ জানিয়েছেন।