উত্তরপাড়ায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজি, দুই পুরনো দুষ্কৃতী গ্রেফতার

হুগলির উত্তরপাড়া থানা এলাকার কোন্নগর চটকল এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগে দুই পুরনো দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এই ঘটনায় ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে কিছু খালি ট্রাক চটকল এলাকা থেকে রিষড়া রাবার ফ্যাক্টরির দিকে যাচ্ছিল। কোন্নগরের চটকলের রাস্তায় দু’জন দুষ্কৃতী হঠাৎ করেই ট্রাকগুলো আটকায়। এরপর তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালকদের কাছ থেকে টাকা দাবি করে। অভিযোগ উঠেছে, টাকা দিতে অস্বীকার করলে তাদের মারধর ও গালিগালাজ করা হয় এবং “গাড়ি থামাবি নাকি গুলি খাবি” বলে হুমকি দেওয়া হয়।

এই ঘটনার পর বুধবার ট্রাক চালকরা উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং ‘গুজিয়া’ নামে পরিচিত এক পুরনো দুষ্কৃতীসহ অপর একজনকে গ্রেফতার করে।

এক সময় কোন্নগরের চটকল এবং ধর্মডাঙ্গা এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হিসেবে পরিচিত ছিল, যেখানে চুরি, ছিনতাই এবং ডাকাতি ছিল নিত্যদিনের ঘটনা। তবে দীর্ঘ সময় ধরে এই ধরনের কার্যকলাপ প্রায় বন্ধ ছিল। সম্প্রতি কোন্নগরের কানাইপুরে এক তৃণমূল পঞ্চায়েত সদস্য খুন হওয়ার পর এই ধরনের তোলাবাজির ঘটনা আবারও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।

কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “অনেকদিন ধরে কোন্নগরে শান্তি ছিল। কয়েকদিন আগে পঞ্চায়েত সদস্য খুন হন। আমি পুলিশকে বলব, মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। রং-দল বিচার না করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।” তিনি বলেন যে, ২০১১ সালের পর এলাকায় কোনো খুন হয়নি, তাই পুলিশকে এই ধরনের ঘটনায় কঠোর হতে হবে।

পুলিশ এখন তদন্ত করে দেখছে যে, অভিযুক্তদের কাছে কীভাবে আগ্নেয়াস্ত্র এল এবং তারা কেন এই ধরনের তোলাবাজিতে নেমেছিল।