এক কিশোরের রহস্যজনক মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

হুগলির বৈদ্যবাটিতে একটি মিষ্টির দোকানে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে কৃষ্ণ হাজরা (১৭) নামে এক কিশোরের। তার বাড়ি কেতুগ্রামের গোপালপুর গ্রামে। কিশোরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় এটিকে স্বাভাবিক মৃত্যু বলে মানতে নারাজ পরিবার। তাদের অভিযোগ, কৃষ্ণকে খুন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, আর্থিক সংকটের কারণে প্রায় এক বছর আগে কৃষ্ণ বৈদ্যবাটির ওই মিষ্টির দোকানে কাজে যোগ দেয়। এই এক বছরে মাত্র একবারই সে ছুটি পেয়েছিল। এরপর থেকে তাকে আর ছুটি দেওয়া হয়নি বলে অভিযোগ।
গতকাল সকালে দোকান থেকে কৃষ্ণর মৃত্যুর খবর দেওয়া হয়। বলা হয়, সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এরপর বেলা ১২টা নাগাদ একটি অ্যাম্বুলেন্সে করে কৃষ্ণর মরদেহ কেতুগ্রামের বাড়িতে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সের সঙ্গে আসে দোকানের আরও তিন কর্মচারী। তাদের দেওয়া একটি হাতে লেখা ডেথ সার্টিফিকেটে হৃদরোগে মৃত্যুর কথা উল্লেখ করা হয়।
তবে কৃষ্ণর মরদেহ দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। তার গলায় দাগ, দু’পায়ের আঙুলে ক্ষত এবং বাম পা ফোলা ছিল। এমন অবস্থায় এটিকে স্বাভাবিক মৃত্যু বলে মেনে নিতে অস্বীকার করে পরিবার। স্থানীয় বাসিন্দারাও অ্যাম্বুলেন্সটিকে আটকে দেয়। এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ ওই তিন কিশোরকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা গেছে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।