“আমার বাবাকে কেন চড় মেরেছ?”-শ্রীশান্তের মেয়ের প্রশ্নে কী উত্তর দিয়েছিলেন হরভজন ?

২০০৮ সালের আইপিএল-এ বোলার এস শ্রীশান্তকে চড় মারার ঘটনাটি ভারতীয় ক্রিকেটে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। সেই বিতর্কিত ঘটনাটি হরভজন সিংয়ের জীবনে কতটা গভীর প্রভাব ফেলেছিল, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই তুলে ধরেছেন এই কিংবদন্তি স্পিনার। হরভজন জানিয়েছেন, ঘটনার বহু বছর পর শ্রীশান্তের মেয়ের মুখোমুখি হয়ে তাঁকে যে তীব্র অস্বস্তির সম্মুখীন হতে হয়েছিল, তা আজও তাঁর মনে গভীর অনুতাপের সৃষ্টি করে।

ঘটনাটি ঘটেছিল ২০০৮ সালের আইপিএল চলাকালীন কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বই ইন্ডিয়ান্সের একটি ম্যাচের পর। ম্যাচ চলাকালীন মাঠে শ্রীশান্তকে চড় মেরে বসেন হরভজন, যা সেসময় ব্যাপক হইচই ফেলে দেয় এবং হরভজনকে সমালোচনার মুখে পড়তে হয়। সেই ঘটনার জন্য হরভজন একাধিকবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং বারবারই বলেছেন যে, তাঁর জীবন থেকে ওই অধ্যায়টা যেন মুছে যায়, তিনি কোনোভাবেই তা মনে রাখতে চান না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ভাজ্জি’ (হরভজনের ডাকনাম) বলেন, “আমার ক্ষমতা থাকলে শ্রীশান্ত অধ্যায় জীবন থেকে বাদ দিতাম। আমি ওটা একদম নিতে পারি না। ওই একটা ঘটনা ভুলতে চাই। আমি সেদিন যা করেছিলাম তা ঠিক নয়। একদমই করা উচিত হয়নি। আমি ২০০ বার ক্ষমা চেয়েছি। প্রয়োজনে ফের চাইব। আমি যখনই সুযোগ পেয়েছি ভুল স্বীকার করে নিয়েছি।”

এর পরই হরভজন সেই মর্মান্তিক মুহূর্তের কথা জানান, যখন শ্রীশান্তের মেয়ের মুখোমুখি হয়ে তাঁকে কতটা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। তাঁর কথায়, “ঘটনার অনেক বছর পর শ্রীশান্তের মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি বুঝতে পারিনি কী হতে চলেছে। কতটা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে চলেছি। ওর মেয়ে আমাকে বলে, সে আমার সঙ্গে কথা বলতে চায় না। কারণ আমি ওর বাবাকে মেরেছি। তখন যেন মনে হচ্ছিল, আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার চোখ জলে ভিজে এসেছিল। নিজেকে প্রশ্ন করেছিলাম, কী খারাপ ভাবমূর্তি তৈরি করেছি। শ্রীশান্তের মেয়ে আমাকে কতটা নিচু নজরে দেখে, সেদিন অনুধাবন করতে পারি। আমি আজও ওই বাচ্চাটার কাছে ক্ষমা চাই মনে মনে।”

যদিও এই ঘটনার পর হরভজন ও শ্রীশান্তের মধ্যে সাময়িকভাবে সম্পর্কে ফাটল ধরলেও, পরে তাঁদের সম্পর্ক ঠিক হয়ে যায়। বর্তমানে তাঁরা ভালো বন্ধু এবং নানা অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছে। তবে হরভজনের কথা থেকে স্পষ্ট, সেই স্মৃতি তিনি আজও ভুলতে পারেননি, এবং তার অনুশোচনা এখনও তাঁর মনে গভীর ক্ষত সৃষ্টি করে রেখেছে।

শ্রীশান্ত ও হরভজনের মধ্যে ঠিক কী নিয়ে ঝামেলা হয়েছিল, তা যদিও আজও পরিষ্কার নয়। দুজনের কেউই এই নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি কোনোদিন। তবে শোনা যায়, শ্রীশান্ত এমন কোনো মন্তব্য করেছিলেন যা হরভজনের ভালো লাগেনি। তারপরই তিনি উত্তেজিত হয়ে চড় কষিয়ে দেন। এতে মাঠের মধ্যেই কাঁদতে শুরু করেন শ্রীশান্ত। এই ঘটনার জেরে হরভজনকে আইপিএলের বাকি মরসুমের জন্য বরখাস্ত করা হয়েছিল। সেই বিতর্কিত ঘটনাটি আজও ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় হিসেবেই রয়ে গেছে।