“দিদিকে আমরা অঙ্গে ধারণ করলাম”, মমতার ছবি আঁকা শাড়িতে মহিলা ব্রিগেডের সদস্যরা!

২১শে জুলাই শহিদ দিবসের উৎসবমুখর পরিবেশে কলকাতার রাজপথ আজ এক নতুন দৃষ্টান্তের সাক্ষী হলো। পাণ্ডবেশ্বর থেকে আসা তৃণমূল মহিলা ব্রিগেডের সদস্যরা এমন এক বিশেষ শাড়ি পরে মিছিলে অংশ নিলেন, যা বাংলার রাজনীতিতে নজিরবিহীন। এই শাড়িগুলিতে স্পষ্টভাবে আঁকা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, শাড়ির আঁচলে শোভা পাচ্ছিল দিদির ছবি, দলীয় প্রতীক এবং ‘মা-মাটি-মানুষ’-এর প্রতীকী বার্তা।
পাণ্ডবেশ্বরের প্রায় শতাধিক মহিলা এই অভিনব শাড়ি পরে কলকাতার পথে পা মেলান। তাঁদের মধ্যে অধিকাংশই ব্লক স্তরের দলীয় কর্মী, কেউ কেউ আবার বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁরা জানান, “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু রাজনৈতিক নেত্রী হিসেবে দেখি না, তিনি আমাদের অনুপ্রেরণা। আমাদের দিদি। আমরা তাঁকে হৃদয়ে ধারণ করি। এবার তাঁকে অঙ্গে ধারণ করলাম।” এই ব্যতিক্রমী দৃশ্য পথচারীদের নজর কাড়ে, অনেকে থমকে দাঁড়িয়ে ছবি তোলেন, কেউ কেউ ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
এদিন এই মহিলা ব্রিগেড নিজেদের ‘মমতার সৈনিক’ বলে পরিচয় দেন। তাঁদের হাতে ছিল পোস্টার, দলীয় পতাকা, আর মুখে স্লোগান— “মমতার সৈনিক চলেছে রণে, উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবে বঙ্গে।” এই দৃশ্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজ্যের সর্বস্তরে যে গভীর আবেগ বিরাজ করছে, তারই এক জীবন্ত প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।
মহিলা ব্রিগেডের সদস্যরা বিজেপিকে কটাক্ষ করে বলেন, “বিজেপি শুধু অপপ্রচার চালায়। ওদের কাছে কোনো উন্নয়নের রূপরেখা নেই। অথচ দিদি আমাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন, লক্ষীর ভাণ্ডার চালু করেছেন। এ রাজ্যের মা ও বোনেরা সম্পূর্ণ নিরাপদ, কারণ দিদির আঁচল আমাদের ঢেকে রেখেছে।”
এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের এক জেলা নেতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই দৃশ্য আমাদের আবেগকে আরও জাগ্রত করেছে। দিদির জন্য রাজ্যের মানুষ কী করতে পারে, তা এই মহিলারা দেখিয়ে দিলেন।” অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এক নেতার প্রতিক্রিয়া ছিল, “এটি তৃণমূলের নাটক। মানুষের প্রকৃত সমস্যা থেকে নজর ঘোরানোর চেষ্টা মাত্র।”
তবে এই ধরনের মন্তব্যে মহিলা ব্রিগেড বিচলিত নন। তাঁদের সাফ জবাব, “নাটক নয়, আমরা জানি কীভাবে দিদি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজ এই শহিদ দিবসে আমরা তাঁকে সম্মান জানাতে এই পোশাক পরে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের ভবিষ্যৎ।”
এদিন দুপুরে এই মহিলা মিছিল একপ্রকার চমক তৈরি করে শহরের বুকে। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত সুশৃঙ্খলভাবে মিছিল করে তাঁরা মূল সভাস্থলের দিকে এগিয়ে যান। এই অভিনব প্রতিবাদ ও সংহতি প্রদর্শনে তাঁরা বোঝাতে চাইলেন— তৃণমূল কংগ্রেস শুধু একটি রাজনৈতিক দল নয়, এ এক আবেগ, যা বহু মানুষের জীবন জুড়ে রয়েছে।