এই গাছের পাতার চা খেলেই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, রেসিপি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

ডায়াবেটিস এখন আর কোনও বিরল রোগ নয়— প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ আক্রান্ত। একে ঘিরে আতঙ্কের কিছু নেই, বরং একটু সচেতন হলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব— এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ড্রাগন ফলের উপকারিতার কথা আগেই জানিয়েছিলেন তিনি। এবার দিলেন আরও এক ঘরোয়া টোটকা— পেয়ারা পাতার চা।
‘শিল্পান্ন’ অনুষ্ঠানে মমতা বলেন,“ডায়াবেটিক ইজ নট এ ডিজিজ। এটা অনেক সময় জিন থেকে হয়, আবার অনেক সময় খাদ্যাভ্যাসের কারণেও হয়। ভয় পাওয়ার কিছু নেই। আমাদের আশেপাশে অনেক গাছ-গাছড়া আছে, যেগুলো ওষুধের থেকেও কার্যকরী।”
এরপরই তিনি জানান, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে পেয়ারা পাতার চা।
কীভাবে বানাবেন পেয়ারা পাতার চা? মমতার সহজ টিপস
কয়েকটি তাজা পেয়ারা পাতা তুলে নিন।
ভাল করে ধুয়ে নিন এবং কুচি কুচি করে কেটে ফেলুন।
ফুটন্ত গরম জলে সেই পাতা দিন ও কিছুক্ষণ সেদ্ধ করুন।
শেষে একটু লেবু রস মেশান।
এই চা দিনে একবার খেলে ধীরে ধীরে উপকার মিলবে বলেই দাবি মুখ্যমন্ত্রীর।
অনুষ্ঠানেই মমতা স্মরণ করলেন, বোরোলিনের মোড়ক ও ফর্মুলা বদলে দেওয়ার পিছনেও ছিল তাঁরই পরামর্শ। বলেন,
“আগে বোরোলিন ছিল ভারী ধরনের, মেয়েরা সহজে ব্যাগে রাখতে পারত না। আমি বললাম পাতলা করো, জ্যাসমিন, ভ্যানিলা ফ্লেভার আনো। আজ সেটা দারুণ চলছে, এক্সপোর্টও হচ্ছে।”
২০২৩ সালের আগস্টেও মমতা বলেছিলেন,“আমার আইডিয়াতেই বোরোলিনের বিক্রি অনেক বেড়েছে। ব্যবসায় ছোট ছোট টিপসও অনেক কাজে লাগে।”
ডায়াবেটিস বা ব্যবসা— মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, সচেতনতা ও ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তন আনে। তাঁর ঘরোয়া উপদেশে এবার অনেকেই হয়তো নতুন করে ভরসা খুঁজে পাবেন সুগার নিয়ন্ত্রণে।