ভাঙড়ে ফের রক্তঝরা রাজনৈতিক হিংসা! TMC নেতাকে গুলি-কুপিয়ে খুন, ISF-এর দিকে অভিযোগের আঙুল

ভাঙড়ে ফের রাজনৈতিক রক্তপাত। বৃহস্পতিবার সন্ধ্যায় চালতাবেড়িয়ার ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হল তৃণমূল নেতা রজ্জাক খাঁকে। ঘরের পথেই ওঁর ওপর হানা দেয় একদল দুষ্কৃতী। গুলি চালানোর পর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরই এলাকায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। দলে সক্রিয় ও জনপ্রিয় রজ্জাক খাঁ ছিলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ। তৃণমূলের দাবি, রাজনৈতিক হিংসা থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। শওকত মোল্লা বলেন,
“প্রথমে গুলি, তারপর কুপিয়ে খুন করা হয়েছে। এর পেছনে আইএসএফের আশ্রয়ে থাকা দুষ্কৃতীরাই রয়েছে।”
স্থানীয় সূত্রে খবর, রজ্জাক খাঁ বাইকে বাড়ি ফিরছিলেন, সেই সময় আচমকাই বাইকে করে আসে দুষ্কৃতীরা এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এরপরই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।
ঘটনার পর তৃণমূল কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন, দোষীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি তোলেন।
ভাঙড়ে রাজনৈতিক হিংসার ঘটনা নতুন নয়। শান্তি ফেরাতে গত বছর জানুয়ারিতে ভাঙড়-সহ চারটি থানা কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছিল। নতুন থানা হিসাবে চালু হয়েছিল চন্দনেশ্বর ও পোলেরহাট। কিন্তু তারপরও পরিস্থিতির যে খুব একটা বদল হয়নি, বৃহস্পতিবারের ঘটনা তা স্পষ্ট করে দিল।
ঘটনার খবর পেয়েই এলাকায় মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। দুষ্কৃতীদের শনাক্ত করতে পুলিশ তৎপর হলেও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।