BigNews: পিচ কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে গেলো গোটা এলাকা

বৃহস্পতিবার সকালে হাওড়ার আলমপুরে একটি পিচ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১১টা নাগাদ স্থানীয়রা কারখানা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন এবং সাঁকরাইল থানার পুলিশ। আগুন নেভানোর কাজ এখনো চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় কারখানার সামনে দুটি লরিতে পিচ ভরা হচ্ছিল এবং ভেতরে প্রায় ১৫-২০ জন শ্রমিক কাজ করছিলেন। প্রাথমিক অনুমান, পিচ রিফাইন করার সময় কোনোভাবে বিস্ফোরণ ঘটে, যার জেরে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা, যা বহু দূর থেকেও দেখা যাচ্ছিল।

বিস্ফোরণের পরপরই কারখানার ভেতরে থাকা শ্রমিকরা দ্রুত বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা সংশ্লিষ্ট সকলের জন্য স্বস্তির খবর। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

এই অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। পুলিশ ও দমকলের তদন্তের পরই প্রকৃত তথ্য জানা যাবে।