সত্যিকারের ‘সোনার কেল্লা’, ২৪ ক্যারেটের এই সোনার বাড়ি রয়েছে ইন্দোরে! দেখুন চমকপ্রদ ভিডিও

‘সোনার কেল্লা’—এই দুটি শব্দ শুধুই সত্যজিৎ রায়ের সৃষ্টি নয়, একান্তভাবেই বাঙালির আবেগ। তবে এবার আর কোনও গল্প নয়, একেবারে বাস্তব। রাজস্থানে নয়, ইন্দোরে মিলল আসল সোনার কেল্লা! এমনই এক বাড়ি, যার প্রতিটা কোণ ঝলমল করছে খাঁটি ২৪ ক্যারেট সোনায়।

এই বিস্ময়কর সোনার বাড়ির খোঁজ দিয়েছেন ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটর প্রিয়ম সরস্বত। ভিডিওতে দেখা যায়, ইন্দোরের এই বাড়িতে ঢুকতেই চোখ কপালে ওঠার মতো দৃশ্য। আসবাব, ঘরের সাজসজ্জা, এমনকি ইলেকট্রিক সকেট পর্যন্ত সোনায় মোড়া! বাড়ির প্রতিটি কোণ ঝলমল করছে সোনার দীপ্তিতে। এমন দুর্লভ দৃশ্য বিশ্বের আর কোথাও আছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

বাড়ির মালিক ও মালকিন নিজেরাই প্রিয়মকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখান। বাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বিলাসবহুল গাড়ি। তার মধ্যেই এক ঐতিহাসিক সংযোজন—১৯৩৬ সালের মার্সিডিজ। এই সংগ্রহ যেন বিলাসেরও ঊর্ধ্বে।

এই রাজপ্রাসাদের মতো বাড়িতে রয়েছে ১০টি বেডরুম। প্রতিটিই সাজানো হয়েছে খাঁটি সোনার আসবাব আর অলংকারে। একঝলকে মনে হবে যেন কোনও রাজকীয় মিউজিয়ামে ঢুকে পড়েছেন।
এই বিত্তবৈভবের পেছনে রয়েছে সংগ্রামের গল্প। বাড়ির মালিক জানিয়েছেন, এক সময় তাঁরা ২৫ জনের পরিবারের জন্য একটি ছোট পেট্রোল পাম্প চালাতেন। সেখান থেকে বড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সরকারি নানা নির্মাণ প্রকল্প—রাস্তা, ব্রিজ, বাড়ি—এর কনট্র্যাক্ট পেয়ে ধীরে ধীরে প্রতিষ্ঠা পান। বর্তমানে তিনি ৩০০ রুমের একটি হোটেল প্রকল্পেও কাজ করছেন।

প্রিয়ম সরস্বতের এই ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল। লক্ষাধিক ভিউ ছাড়িয়েছে, আসছে হাজার হাজার মন্তব্য। কেউ বলছেন, “এটাই ভারতের আসল সোনার কেল্লা”, কেউ আবার অবিশ্বাসে লিখছেন, “এটা কি সত্যিই সম্ভব?”

‘সোনার বাড়ি’ হয়তো বহু সিনেমায় বা রূপকথায় দেখা গেছে। কিন্তু বাস্তবে এমন স্বর্ণবর্ণ ঘর আর যাঁর জীবনকথা, দুই-ই আজ মানুষকে বিস্ময়ে, অনুপ্রেরণায় ভরিয়ে তুলছে। স্বপ্ন দেখলে বাস্তব হয়—এই বাড়ি যেন তারই জীবন্ত প্রমাণ।