“১৮ বছরের টুকটুকিকে খুঁজতে যাব না”, ২০২৬-এর মাঝামাঝিতেই বিয়ে করবেন রুদ্রনীল?

পঞ্চাশ ছুঁয়ে বা তার আশেপাশে এসে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই। কিন্তু অভিনেতা ও রাজনীতিক রুদ্রনীল ঘোষ এখনও সিঙ্গল। স্বাভাবিকভাবেই তাঁর কাছে বারবার ঘুরে ফিরে আসে সেই চিরচেনা প্রশ্ন—“রুদ্রনীল, আপনি কবে বিয়ে করছেন?” সম্প্রতি একটি পডকাস্টে তাঁকে আবারও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়।

জবাবে রুদ্রনীল হেসে বলেন, “ইচ্ছে হলেই করে ফেলব।” তবে কি পাত্রী খুঁজে পেয়েছেন? রুদ্রনীলের স্পষ্ট উত্তর—“না, এখনও পাইনি।”

কেমন পাত্রী চান তিনি? উত্তরে অভিনেতার ভাবনার গভীরতা মেলে ধরে। তাঁর কথায়,“যিনি নিজে পরিশ্রম করে রোজগার করতে পারেন, ঘামের দাম বোঝেন। যে মানুষ পরিশ্রমকে সম্মান করেন, তিনিই হতে পারেন জীবনসঙ্গী।”

তাঁর বক্তব্যে বাস্তবতা ও পরিণতির ছাপ স্পষ্ট। তিনি বলেন,“বিয়ে তো তুকতাকের মতো। ঘরের মানুষ পর হয়ে যায়, আবার পরের মানুষ ঘরের হয়ে ওঠেন। কোনও সম্পর্ক টিকে যাবে, তার গ্যারান্টি দেওয়া যায় না। তবে এমন কেউ হোক, যার সঙ্গে অহেতুক তর্ক না হয়। ১৮ বছরের টুকটুকিকে খুঁজতে যাব না। দেখি, ২০২৬-এর মধ্যে সময় আসলে… না হলে আরও পরে।”

সব শেষে রুদ্রনীলের সোজাসাপটা মন্তব্য—“বিয়ে মানে বাড়ির জনসংখ্যা বাড়ানো নয়। এটা অনেক বেশি আন্তরিকতা, দায়িত্ব আর বোঝাপড়ার জায়গা।”এই মুহূর্তে রুদ্রনীল বিজেপি-র সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং রাজনৈতিক কর্মসূচি সামলে অভিনয়েও তিনি সমান ব্যস্ত। ফলে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি ভাবার সুযোগ হয়তো নেই। তবে তাঁর কাছের মানুষরা তাকিয়ে রয়েছেন—ব্যস্ততার ফাঁকে কবে তিনি নিজের জন্য একটু সময় বার করেন, আর নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করেন।