‘পুষ্পা’-র ফিটনেস মন্ত্র ফাঁস! ছবি হিট করাতে আল্লুর নতুন মাস্টারস্ট্রোক, চ্যালেঞ্জের মুখে বলিউড?

এক সময় দক্ষিণী চলচ্চিত্রে পেশিবহুল বা সুঠাম চেহারার নায়কদের চল খুব একটা ছিল না। বলিউড যখন পেশি প্রদর্শন করত, দক্ষিণী নায়করা তখন মেদবহুল শরীর নিয়েই অ্যাকশন ও নাচে মাতিয়ে রাখতেন। কিন্তু এই ধারাটাই যেন বদলে দিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তিনিই প্রথম দক্ষিণী নায়ক যিনি সিক্স প্যাক অ্যাবস নিয়ে পর্দায় হাজির হন। আর তাঁর সুঠাম চেহারা যে শুধু দেখানোর জন্য নয়, বরং অ্যাকশন ও দুরন্ত নাচের দৃশ্যে তাঁর ফিটনেস দেখলেই তা স্পষ্ট হয়ে যায়। ইন্ডাস্ট্রিতে ফিটনেসের দিক থেকে তাঁর মতো খুব কম তারকাই আছেন।

নিজেকে এভাবে ফিট রাখার রহস্য কী? ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুন সম্প্রতি এই গোপন কথা ফাঁস করেছেন। গত বৃহস্পতিবার WAVES সম্মেলনে টিভি নাইন নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাসের সঙ্গে এক বিশেষ আলাপচারিতায় তিনি জানান যে, এর জন্য কঠোর পরিশ্রম ও প্রচুর মনোযোগের প্রয়োজন। তাঁর মতে, অনুশীলনটাই আসল বিষয়। তিনি কঠোর ডায়েট মেনে চলেন এবং ট্রেনারের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন। কাজটি নিঃসন্দেহে কঠিন, কিন্তু পর্দায় যখন নিজেকে ফিট ও আকর্ষণীয় দেখেন, সেই আনন্দ সব পরিশ্রমকে সার্থক করে তোলে। আর এই অনুভূতিই তাঁকে পরের দিন আবার কসরত করার জন্য অনুপ্রেরণা যোগায়।

আরও পড়ুন:

সত্যজিৎ রায়কে চিঠি লিখে এক বিশেষ আবদার করেছিলেন সুজয় ঘোষ, উত্তরে পরিচালক যা লিখেছিলেন তা অকল্পনীয়
‘এ ছবি চলবে না’, ‘গুপী গাইন বাঘা বাইন’ নিয়ে শুনেছিলেন কিংবদন্তি সত্যজিত্‍ রায়
‘ঠিক এই কারণেই পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটে…’, মঞ্চে গান থামিয়ে গর্জে উঠলেন সোনু নিগম!
‘আমি সেল্ফ মেড নই’, সত্যি স্বীকার আল্লু অর্জুনের, বললেন ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কতটা কঠিন…
সেই প্রেরণাকে সঙ্গী করেই রবিবার অনুরাগীদের একটি দারুণ সারপ্রাইজ দিয়েছেন আল্লু অর্জুন। জানা গেছে, পরিচালক অ্যাটলির নতুন ছবির জন্য তিনি লয়েড স্টিভেন নামে এক নতুন জিম ট্রেনারকে নিয়োগ করেছেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে লয়েড অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয়। এর আগে এস এস রাজামৌলীর ব্লকবাস্টার ছবি ‘আরআরআর’-এর জন্য তিনি মহেশ বাবু এবং জুনিয়র এনটিআর-কে প্রশিক্ষণ দিয়েছেন। এবার নিজেকে আরও বেশি শক্তিশালী ও মারকুটে রূপে পর্দায় তুলে ধরতে লয়েডের কাছেই প্রশিক্ষণ নিচ্ছেন আল্লু। ‘পুষ্পা’ অনুরাগীদের একাংশ মনে করছেন, বলিউডে আরও একবার নিজের দাপট দেখানোর জন্য আল্লু অর্জুনের এটি একটি সুচিন্তিত পদক্ষেপ বা মাস্টারস্ট্রোক।