জলমগ্ন দক্ষিণবঙ্গ! ৪ জেলা নিয়ে চরম সতর্কতা নবান্নে, জরুরি বৈঠকে বড় নির্দেশ মুখ্যসচিবের

দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি ও লাগাতার দুর্যোগ নিয়ে চরম সতর্কতামূলক পদক্ষেপ করল নবান্ন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ মোট চার জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। এই বৈঠকে সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে কথা বলে বিস্তারিত রিপোর্ট নেওয়া হয়েছে এবং একাধিক কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে।
নবান্ন সূত্রে খবর, বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার দুর্যোগ পরিস্থিতি এখন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নজরদারিতে রয়েছে। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক হওয়ায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিশেষ নজরদারির জন্য সিনিয়র অফিসারদের একটি করে টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্যজীবীদের সুরক্ষার কথা মাথায় রেখে আগামী কাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার কারণে তাঁদের সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় বিপর্যয় দফতরকে জলমগ্ন এলাকাগুলোতে পর্যাপ্ত কর্মী ও উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। প্রয়োজনে আরও এনডিআরএফ (NDRF) টিম মোতায়েন করার কথাও বলা হয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এবং হলদিয়া সংলগ্ন এলাকাগুলির দিকে বাড়তি নজর রাখতে বলা হয়েছে, যাতে দুর্গতদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছনো যায়। এছাড়া যেখানেই জল জমে যাওয়ার সমস্যা তৈরি হবে, সেখানে অবিলম্বে পাম্প বসিয়ে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রেখে সার্বিক নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।