ঐশ্বর্যর সঙ্গে রেষারেষি নিয়ে মুখ খুললেন সুস্মিতা, জানালেন কেন তাঁরা ‘বেস্ট ফ্রেন্ড’ ছিলেন না

সালটা ১৯৯৪। সেই বছর মিস ইউনিভার্সের মুকুট উঠেছিল সুস্মিতা সেনের মাথায়। একই বছরে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন ঐশ্বর্য রাই। সেই সময় থেকেই প্রায়শই এই দুই সুন্দরীকে একে অপরের সঙ্গে তুলনা করা হতো। তাঁদের মধ্যেকার রেষারেষির গুঞ্জনও শোনা যেত সেই সময়। তবে একবার WildFilmsIndia-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট উত্তর দিয়েছিলেন সুস্মিতা সেন।

ঐশ্বর্যর সঙ্গে শত্রুতা নিয়ে ঠিক কী বলেছিলেন সুস্মিতা?

সুস্মিতা সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “শত্রু, প্রতিদ্বন্দ্বী বা বন্ধু হওয়ার জন্য যথেষ্ট সময় আমরা পাইনি। আমরা একে অপরকে দূর থেকে চিনতাম। আমরা দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা কখনও এমন ‘বেস্ট ফ্রেন্ড’ ছিলাম না, যারা একে অপরকে বলবে, ‘না, তুমিই আগে’। আমরা সবসময় নিজেদের মতো করে সেরা হতে চেয়েছিলাম—যা আমরা দুজনেই প্রমাণ করেছি। আমি এগিয়ে গেলাম এবং মিস ইউনিভার্স খেতাব জিতলাম। ও এগিয়ে গেল এবং মিস ওয়ার্ল্ডের খেতাব জিতল। আমাদের কেউই কারও কাছে দ্বিতীয় ছিলাম না। আমরা নিজেদের কাজ করেছি এবং সেটা আমরা খুব ভালো করেই করেছি।”

প্রতিদ্বন্দ্বিতার গুজব উড়িয়ে সুস্মিতা আরও বলেন…

সুস্মিতা আরও স্পষ্ট করে বলেন, “লোকের একটা বিষয় মনে রাখা উচিত—যদি আমাদের কখনও কোনও প্রতিদ্বন্দ্বিতা থেকে থাকে, তবে সেটা আমাদের নিজেদের কাজের ক্ষেত্রে ছিল। আর সেই প্রতিযোগিতা ছিল নিজেকে নিজের কাজের ক্ষেত্রে সেরা প্রমাণ করার। মানুষ তখনই একে অপরের সঙ্গে তুলনা করে যখন উভয়েই নিখুঁত হয়। আমরা কেউই নিখুঁত ছিলাম না। আমরা দুজনেই একটি নতুন কেরিয়ার শুরু করেছিলাম এবং নিজেদের জায়গা তৈরি করার জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছি। তাই কোনও তুলনা করা উচিত নয়। এখানে কোনও ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ছিল না। এটা ভেবে খারাপ লাগে যে মানুষ তা বুঝতে পারে না। এমন একদিন আসবে, যখন লোকেদের সব কথা বলা শেষ হবে এবং ঐশ্বর্য ও আমিই শেষ হাসি হাসব।”

আরও পড়ুন-মেট গালায় প্রথমবার! এদিকে শাহরুখ নিউ ইয়র্কে পৌঁছতেই দৌড়ে এসে জড়িয়ে ধরলেন এক মহিলা, কে ইনি?

দীর্ঘ কর্মজীবনে সুস্মিতা এবং ঐশ্বর্য দুজনেই বলিউডে নিজেদের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। ঐশ্বর্য ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘মোহব্বতে’, ‘তাল’, ‘ধুম ২’ এবং আরও অনেক জনপ্রিয় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। অন্যদিকে, সুস্মিতা ‘কিঁউ কি ম্যায় ঝুঠ নাহিন বোলতা’, ‘বিবি নং ১’, ‘মেইন হুন না’, ‘নো প্রবলেম’-এর মতো বহু হিট ছবিতে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে ‘আরিয়া’ এবং ‘তালি’র মতো ওয়েব সিরিজে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ছবিতে ঐশ্বর্যকে শেষবার মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ২’-তে দেখা গেছে। তবে এই দুই তারকাকে কবে আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে, তা এখনও অজানা।