২৬০০০ চাকরি বাতিল, রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য ও এসএসসি

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনায় পশ্চিমবঙ্গ উত্তাল। কলকাতা হাইকোর্টের এই যুগান্তকারী রায়ের পর এবার তা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন (SSC)। এসএসসি আগেই এই পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিল, এবার রায়ের প্রায় এক মাস পর শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আবেদন (রিভিউ পিটিশন) জমা দেওয়া হলো। জানা যাচ্ছে, আগামী ৮ মে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগের ভিত্তিতে গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেলটি বাতিল করার নির্দেশ দেয়। এর ফলে যোগ্য-অযোগ্য নির্বিশেষে ২৫,৭৩৫ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায়। আদালতের এই সিদ্ধান্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে, চাকরি হারানো শিক্ষক-শিক্ষাকর্মীরা তাঁদের ‘হকের চাকরি’ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন। এই পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টে বড় পদক্ষেপ নিল এসএসসি ও রাজ্য।
সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার, প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠতে পারে। উল্লেখ্য, প্রধান বিচারপতি খন্না আগামী ১৩ মে অবসর গ্রহণ করবেন। তাঁর অবসরের আগেই প্রধান বিচারপতির বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও এই মামলার মূল আবেদনকারীদের আইনজীবীদের মতে, পুনর্বিবেচনার এই আবেদনটি খারিজ হওয়ার সম্ভাবনাই বেশি।
প্রসঙ্গত, দুর্নীতির কারণে চাকরি হারানোর পর চাকরিচ্যুতদের একাংশ রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এই প্রেক্ষাপটে রাজ্য সরকার ও এসএসসি আগেই ঘোষণা করেছিল যে, তারা হাইকোর্টের পুরো রায়টি পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে। সেই অনুযায়ী রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
ভিডিও দেখুন: https://youtu.be/69KS2m13HuI?si=879t597fC-t-1E8c
এর আগে, এই রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল পড়ুয়া এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রায়ের পরিবর্তনের আর্জি জানানো হয়েছিল। পর্ষদের যুক্ত ছিল, এত বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল হলে রাজ্যের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। পর্ষদের সেই আবেদন মেনে গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্ট রায়ে সাময়িক পরিবর্তন আনে।
সেই সময় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দুর্নীতির সাথে সরাসরি যুক্ত নন এবং আপাতদৃষ্টিতে অযোগ্য হিসেবে চিহ্নিত হননি এমন নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকরা ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং তাঁদের বেতনও বহাল থাকবে। তবে আদালত রাজ্যকে নির্দেশ দেয় যে, আগামী ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি অবশ্যই জারি করতে হবে।