ক্ষেপণাস্ত্র হামলার মুখে এয়ার ইন্ডিয়ার বিমান, তেল আভিভের যাত্রা বাতিল করে অবতরণ আবুধাবিতে

সম্প্রতি ইজরায়েলের উদ্দেশ্যে মাঝ আকাশে থাকা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে পড়ে। পরিস্থিতি এতটাই গুরুতর হয় যে, তেল আবিবের পথে না গিয়ে বিমানটিকে ঘুরিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জরুরি অবতরণ করতে হয়। রবিবার সকালে নির্ধারিত সময় অনুযায়ী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইজরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইটটি।
কিন্তু বিমানটি যখন মাঝ আকাশে উড়ছিল, ঠিক তখনই পাইলটের কাছে খবর আসে যে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে বিমান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানটির গন্তব্য পরিবর্তন করে আবুধাবি বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তেল আবিবে অবতরণের প্রায় এক ঘণ্টা আগে, বিমানটি যখন জর্ডানের আকাশসীমায় ছিল, তখনই হামলার খবর আসে। এরপরই এটি তেল আবিবের পথ ছেড়ে আবুধাবির দিকে যায়। আবুধাবিতে নিরাপদে অবতরণের পর যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং কিছুক্ষণ পরেই বিমানটি দিল্লির উদ্দেশে ফেরত আসে। এই ঘটনার জেরে এবং যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে এয়ার ইন্ডিয়া দিল্লি ও তেল আবিবের মধ্যে তাদের বিমান পরিষেবা আগামী ৬ মে মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, ইজরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন বা জর্ডান থেকে প্রায়শই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইজরায়েল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রবিবারের হামলাটি ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রের কারণে হয়েছিল। হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে বড় আকারের ধোঁয়া উড়তে দেখা যায় এবং স্থানীয় সংবাদমাধ্যমে বিমানবন্দরের সামনের রাস্তায় ক্ষেপণাস্ত্রের আঘাতে বিশাল গর্ত তৈরি হওয়ার খবর প্রকাশিত হয়। এই হামলায় বিমানবন্দরের কর্মীসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের হাউথি এবং জর্ডানের হিজবুল্লার মতো গোষ্ঠীগুলো মাঝে মাঝেই ইজরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে থাকে।