“ভারত আমাদের মাতৃভূমি ছিল, আছে এবং থাকবে”, পাকিস্তানকে কড়া জবাব ওয়েইসির

জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিভিন্ন নেতা-মন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যের কড়া জবাব দিয়েছেন হায়দরাবাদের সংসদ সদস্য এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি পাকিস্তানকে ‘ব্যর্থ দেশ’ আখ্যা দিয়ে তাদের অর্থনৈতিক সংকট নিয়ে বিদ্রূপ করেছেন এবং বলেছেন যে পাকিস্তান ইসলামের সঠিক অর্থ বোঝে না।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের ধারাবাহিক উস্কানিমূলক মন্তব্যের জবাবে ওয়েইসি দৃঢ়ভাবে বলেছেন, “১৯৪৭ সালে দেশভাগের সময় ভারতীয় মুসলিমরা দেশ না ছাড়ার সিদ্ধান্ত নেন। আমরা মহম্মদ আলি জিন্নার আহ্বান প্রত্যাখ্যান করি। ভারত আমাদের মাতৃভূমি ছিল, রয়েছে এবং থাকবে। যারা পাকিস্তানে বসে ভিত্তিহীন কথা বলছে, তাদের আমি বলতে চাই, তোমরা ইসলাম সম্পর্কে অজ্ঞ। তোমরা ইসলামের শিক্ষা থেকে অনেক দূরে।”

ওয়েইসি আরও মন্তব্য করেন যে ১৯৪৭ সালে ভারত থেকে যে মুসলিমরা পাকিস্তানে গিয়েছিলেন, সেখানে তাঁরা বৈষম্যের শিকার। তিনি পাকিস্তানের নাজুক পরিস্থিতি তুলে ধরে বলেন, “পাকিস্তান এতটাই দরিদ্র যে সেখানকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সমস্যা রয়েছে, ইরানের সঙ্গেও সীমান্তে বিবাদ চলছে। পাকিস্তান সত্যি একটি ব্যর্থ রাষ্ট্র।”

গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরনে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন প্রাণ হারান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়েইসি মনে করেন, কিছু শক্তি ভারতকে শান্তিতে থাকতে দিতে চায় না। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, “সন্ত্রাসবাদের বিষ নির্মূল করার জন্য এটাই আমাদের তাদের কঠোর জবাব দেওয়ার সঠিক সময়।” উল্লেখ্য, এর আগেও ওয়েইসি পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেছিলেন যে ভারত থেকে পাকিস্তান প্রায় অর্ধ শতাব্দী পিছিয়ে আছে।