রোশনাইয়ের জীবনে বড়সড় বাঁক! অবশেষে বাবার মুখোমুখি, পরিচয় কি মিলবে?

জনপ্রিয় ধারাবাহিক ‘রোশনাই’-তে আসতে চলেছে এক নতুন ও নাটকীয় মোড়। দীর্ঘদিন ধরে নিজের পরিচয়হীনতায় ভোগা, বহু অপমান ও লাঞ্ছনা সহ্য করা রোশনাই অবশেষে মুখোমুখি হতে চলেছে তার বাবার। এরপর গল্পের গতি কোন দিকে বাঁক নেবে, তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

সম্প্রতি ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি আশ্রমে এক যুগলের বিবাহ অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে ধামসা মাদলের তালে আনন্দে নৃত্য করছে রোশনাই। তবে, আনন্দঘন এই মুহূর্ত আচমকাই বিষাদে পরিণত হয়। সিঁদুর দানের সময় রোশনাইয়ের পুরনো স্মৃতিরা যেন ভিড় করে আসে তার মানসপটে। এক মুহূর্তে সে জ্ঞান হারিয়ে ফেলে।

পরিবেশ শান্ত হলে, চোখেমুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় রোশনাইয়ের। জ্ঞান ফিরতেই সে জানতে চায়, সে কোথায় রয়েছে। কিন্তু আশ্রমের এক সাধক পাল্টা প্রশ্ন করেন, “তুমি কে? তোমার নাম কী?”

এই প্রশ্নের উত্তরে রোশনাই দ্বিধাদ্বন্দ্বে ভোগে। সে বলে, তার নাম রোশনাই চ্যাটার্জি, নাকি রোশনাই গাঙ্গুলি। এই কথা শোনা মাত্রই রোশনাইয়ের বাবা (রূপী সেই সাধক) ব্যাকুলভাবে জানতে চান, সুদর্শনা গাঙ্গুলি কি তার কেউ হয়?

বাবার এই প্রশ্নে আবেগাপ্লুত হয়ে পড়ে রোশনাই। সে জানায়, সুদর্শনা তারই মা। কিন্তু আশ্রমের সেই সাধক আসলে কে, তা জানতে চায় রোশনাই।

দীর্ঘ প্রতীক্ষার পর কি অবশেষে নিজের বাবার পরিচয় জানতে পারবে রোশনাই? বহু বছর পর কি এক হবে বাবা ও মেয়ে? ধারাবাহিকের এই নতুন পর্যায় দর্শকদের মনে কৌতুহল জাগিয়েছে। গল্পের এই আকস্মিক মোড় ‘রোশনাই’-এর আগামী পর্বগুলিকে আরও আকর্ষণীয় করে তুলবে, এমনটাই আশা রাখছেন দর্শকরা। এখন দেখার, রোশনাইয়ের জীবনে নতুন আলো আসে কিনা।