“টাকার বিনিময়ে কার্ডগুলো বিক্রি করা হয়েছে”, বৈঠকের আগেই বড় দাবি চাকরিহারাদের

স্লোগান-পাল্টা স্লোগান, তার মাঝেই ধাক্কাধাক্কি-বিক্ষোভ—সোমবার সকাল শুরুতেই রীতিমতো অশান্তির চেহারা নিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের আশপাশের এলাকা। একদিকে যখন ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীদের মধ্যে তর্ক-বিতর্ক চরমে, অন্যদিকে বাবুঘাট চত্বরে আরও রূঢ় পরিস্থিতি। এমনকি পরিস্থিতি সামাল দিতে নেমে হিমশিম খেতে হল পুলিশকেও।
রবিবার রাত থেকেই শহিদ মিনার চত্বরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়েছিল, যার রেশ কাটেনি সকালে এসেও। বরং সেই দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠল—একেবারে দণ্ডায়মান বিভাজনের চেহারা নিল।
বাবুঘাটে বসে ‘যোগ্য’ চাকরিহারারা দাবি জানালেন—চাকরি ফেরত চাই। একজন শিক্ষক সাফ জানালেন, “আমরা মরতেও প্রস্তুত। যদি আমাদের চাকরি ফেরত না দেওয়া হয়, তাহলে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। চাকরি ছাড়া আমাদের আর কী-ই বা করার আছে?”
এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির হন সিবিআই দ্বারা ‘চিহ্নিত অযোগ্য’দেরও একাংশ। যা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে ‘যোগ্য’ চাকরিহারাদের মধ্যে। তাঁদের দাবি, “যাঁরা অযোগ্য, তাঁরা এই বৈঠকে কীভাবে ঢুকলেন? তাঁদের তো গেট পাসও নেই!”
পাল্টা অভিযোগ তোলেন এক ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থী—“সবচেয়ে দুঃখের বিষয়, আজ আমাকে আমার যোগ্যতাও প্রমাণ করতে হচ্ছে। আগে যদি এত নিরাপত্তা থাকত, তাহলে আজ এমন দিন দেখতে হত না।”
আরও এক ‘অযোগ্য’ প্রার্থীর অভিযোগ, “মুখ্যমন্ত্রী নিজে আমাদের ডেকেছেন। কিন্তু এখানে এসে দেখি, আমাদের কোনও কার্ড দেওয়া হয়নি। বরং যাঁরা কার্ড পেয়েছেন, তাঁরা তা টাকা দিয়ে কিনেছেন। এ সব ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।”