মমতার বৈঠকের আগেই ‘নেতাজি ইন্ডোরে’ ধুন্ধুমার কান্ড, চাকরিহারা মানুষদের বিক্ষোফ !

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্ট্যান্ড রোডের দিকের গেটের কাছে আজ সকাল থেকে তীব্র উত্তেজনা দেখা গেল। এসএসসি দুর্নীতি মামলায় চাকরি হারানো বহু মানুষ আজ সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, সেন্ট্রাল ডিভিশনের ডিসি নিজে ঘটনাস্থলে এসে মাইকিং করছেন। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্টেডিয়ামের ভেতরে কেবলমাত্র যাদের কাছে বৈধ প্রবেশপত্র (পাস) রয়েছে, তাদেরকেই ঢুকতে দেওয়া হচ্ছে। তবে, অভিযোগ উঠেছে যে, গেটের বাইরে ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’ এই দুই ভাগে ভাগ হয়ে যাওয়া বিক্ষোভকারীরা একে অপরের দিকে ‘চোর চোর’ বলে স্লোগান দিচ্ছেন। বিশৃঙ্খল পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিক্ষোভকারীদের অনেকেই জানেন না কে কোন পক্ষে, এবং প্রত্যেকেই একে অপরকে ‘অযোগ্য’ বলে অভিহিত করছেন।
এই পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন গিদনি জুনিয়র গার্লস হাই স্কুলের গ্রুপ ডি কর্মচারী তপন জানা। ২০১৯ সাল থেকে তিনি ক্যানসারে আক্রান্ত। এসএসসি দুর্নীতি মামলায় চাকরি হারানোর পর আজ সকাল থেকেই তিনি নেতাজি ইন্ডোরের বাইরে এসে বসেছিলেন। তার অভিযোগ, তিনি গেট পাস পাচ্ছেন না। নির্দিষ্ট কিছু ব্যক্তি ওই পাস বিতরণ করছেন, কিন্তু তাদের কাছে যাওয়া সত্ত্বেও তিনি তা পাননি।
শুধু তপন জানাই নন, সুদূর ঝাড়গ্রাম থেকেও অনেকে বৈঠকে যোগদানের উদ্দেশ্যে এসেছেন। তাদেরও একই অভিযোগ – তারা পাস পাচ্ছেন না। পুলিশের তরফ থেকে অবশ্য আশ্বাস দেওয়া হয়েছে যে, তাদের জন্য পরবর্তীতে পাসের ব্যবস্থা করে দেওয়া হবে।
জানা গিয়েছে, ‘ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে এই পাস বিলি করা হচ্ছে। বিক্ষোভকারীদের রোল নম্বর মিলিয়ে তবেই তাদের হাতে পাস তুলে দেওয়া হচ্ছে বলে খবর। এই কারণেই গেটের বাইরে এত বিশৃঙ্খলা এবং উত্তেজনা তৈরি হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে চাকরি হারানো শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তাদের অভিযোগ, যাদের প্রকৃত অর্থে বৈঠকে থাকা প্রয়োজন, তারাই ভেতরে ঢুকতে পারছেন না। অন্যদিকে, যাদের কাছে পাস রয়েছে, তাদের অনেকেই আদৌ যোগ্য কিনা, সেই প্রশ্নও উঠছে।
এই মুহূর্তে নেতাজি ইন্ডোরের বাইরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের বিশাল বাহিনী মোতায়েন রয়েছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তবে, বিক্ষোভকারীদের উত্তেজনা কমার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।