“ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা”-পাথরপ্রতিমার ঘটনায় NIA তদন্ত দাবি দিলীপ ঘোষের

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের আটজনের মৃত্যুর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবারের এই মর্মান্তিক ঘটনায় চারটি শিশুও প্রাণ হারিয়েছে। এই প্রেক্ষাপটে রাজ্যের বিরোধী দলগুলি রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে।

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “যতবার বিস্ফোরণ হয়, ততবার প্রশ্ন ওঠে—বাজি না অন্য কিছু? নৈহাটিতে বিস্ফোরণ হয়েছিল; গঙ্গার অপর প্রান্তে হুগলির একাধিক বাড়ির কাচ ভেঙে গেছিল। আমি নিজে পিংলা গেছি, বর্ধমান গেছি। শেষ পর্যন্ত কতজন গ্রেফতার হয়? কতজন সাজা পায়? কেউ জানে না।” তিনি আরও ক্ষোভের সঙ্গে বলেন, “মানুষের প্রাণ যাচ্ছে, সেটা নিয়ে সরকার কিছু বলেন না, করেন না।”

এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য দিলীপ ঘোষ জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র হস্তক্ষেপের জোরালো দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে এবং আসন্ন নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি করছে। তিনি বলেন, “আমরা দাবি করছি এনআইএ হোক। কারণ এই সরকার চায় না এনআইএ হোক। ওরা চায় এই ধরনের ঘটনা ঘটুক। মানুষের মনে আতঙ্ক তৈরি হোক। ভোটের আগে এরকম ভয়ের পরিবেশ তৈরি হোক।”

রামনবমী উপলক্ষে কলকাতায় পোস্টার লাগানো প্রসঙ্গেও সরব হন দিলীপ ঘোষ। তিনি বলেন, “এই ধরনের আয়োজন বাড়ছে। হিন্দু সমাজ মোঘল, পাঠান, ব্রিটিশ দাসত্বে ছিল। হীনমন্যতায় ভুগছিল। দেশ স্বাধীন হওয়ার পরেও হিন্দুদের ওপর অত্যাচার চলছিল। রামনবমীর আগেই দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে, ভয় পাওয়ানোর চেষ্টা হচ্ছে।”

পুলিশের অনুমতি প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, “সবকিছুর পারমিশন লাগে নাকি? কার বাড়িতে কালীপুজো হবে, পারমিশন লাগবে? কার বাড়িতে বিয়ে হবে, পারমিশন লাগবে? এটা কি মোঘল সাম্রাজ্য চলছে?” তিনি মনে করিয়ে দেন যে পুলিশের প্রধান কাজ হল বিষয়গুলি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তা দেখা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ বলেন, “কালকের ভাষণে সম্প্রীতি কোথায় ছিল আমি জানি না। ‘দেখে নেব, করে নেব, আমি একাই একশো’—এটা কোন ধরনের সম্প্রীতির বার্তা? উনি উস্কাচ্ছেন। এটা সম্প্রীতি নয়।”

পাথরপ্রতিমার এই ভয়াবহ বিস্ফোরণ এবং দিলীপ ঘোষের এনআইএ তদন্তের দাবি রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে সামনে রেখে রাজ্য সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও সরব হওয়ার ইঙ্গিত দিয়েছে।