“মা-বাবা HIV পজিটিভ”-তাই সন্তানকে স্কুলে যেতে বাধা-সামাজিক বয়কট, নির্মম ঘটনা বাংলায়

ডিজিটাল যুগেও অমানবিকতার ছবি। হুগলির গোঘাট থানার বেঙ্গাই পঞ্চায়েতের একটি গ্রামে পরিবারের দুই সদস্যের এইচআইভি (HIV) পজিটিভ হওয়ার জেরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে স্কুলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওই পরিবারের পাশাপাশি আরও পাঁচটি পরিবারকে সামাজিকভাবে বয়কট এবং মানসিকভাবে নির্যাতন করার অভিযোগও উঠেছে গ্রামের বাসিন্দা ও স্কুলের বিরুদ্ধে।
ঘটনার সূত্রপাত প্রায় এক মাস আগে। গ্রামের এক ব্যক্তির এবং তার স্ত্রীর এইচআইভি পজিটিভ ধরা পড়ার পর থেকেই তাদের উপর নেমে আসে সামাজিক নিগ্রহ। অভিযোগ, সেই খবর জানাজানি হওয়ার পর থেকেই তাদের পরিবারকে গ্রামে একঘরে করে দেওয়া হয়। তাদের পরিবারের সাত বছর বয়সের এক শিশুকে গত এক মাস ধরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিবারের অভিযোগ, শিশুটি স্কুলে গেলে তাকে গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়।
শুধু স্কুল নয়, গ্রামেও তাদের সামাজিক বয়কট করা হচ্ছে বলে অভিযোগ। আক্রান্তের পরিবার একটি পুকুর ব্যবহার করায়, এখন সেই পুকুরের জল ব্যবহার করছেন না অন্যান্য গ্রামবাসীরা। এমনকি গ্রামের কোনও টোটোচালক ওই পরিবারের সদস্যদের গাড়িতে তুলতে চাইছেন না। আক্রান্ত পরিবারের পাশাপাশি তাদের কাকা, ভাই সহ মোট পাঁচটি পরিবারের সঙ্গে গ্রামের মানুষজন কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ।
এই অমানবিক ঘটনা নিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা স্কুল দফতর, স্বাস্থ্য দফতর ও স্থানীয় প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছেন। তবে অভিযোগ, এত কিছুর পরেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।
যদিও দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রকে স্কুলে ঢুকতে না দেওয়ার ঘটনায় দায় এড়িয়ে গেছেন প্রধান শিক্ষিকা। তিনি পাল্টা দাবি করেছেন, গ্রামের মানুষ, অন্যান্য অভিভাবক এবং পরিচালন কমিটির প্রবল চাপের মুখেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে ব্যক্তিগতভাবে তিনি চান ওই শিশুটি আবার স্কুলে ফিরে আসুক এবং পড়াশোনা করুক।
একই সুর শোনা গিয়েছে স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের কথাতেও। তবে একজন ছোট্ট শিশুর স্কুলে যাওয়া এবং তার স্বাভাবিক পঠনপাঠন বন্ধ হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন ওই পরিবার। সামাজিক নির্যাতনের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন আক্রান্ত পরিবারের সদস্যরা। অসহায় পরিবারটি এখন প্রশাসনের হস্তক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে, যাতে তাদের সন্তান আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে এবং গ্রামে তারা সামাজিক মর্যাদা নিয়ে বাঁচতে পারে।
তবে এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। এখন দেখার, প্রশাসনের উদ্যোগে কবে এই অমানবিক পরিস্থিতির অবসান হয় এবং শিশুটি তার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।