“ওপেনারদের ব্যর্থতা সমস্যায় ফেলছে…”-টানা হারের কারণ জানালেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ

প্রথম ম্যাচে জয় পেলেও আইপিএলের পরের দুটি ম্যাচে হারের মুখ দেখেছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। গতকাল রবিবার রাজস্থান রয়্যালসের কাছে পরাজয়ের পর দলের ব্যাটিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
ম্যাচ শেষে রুতুরাজ জানান, তাদের ওপেনারদের ব্যর্থতা দলের জন্য বড় সমস্যা তৈরি করছে। গত কয়েক বছর ধরে রুতুরাজ নিজেই ওপেনিং করতেন। তবে এই মরসুমে তিনি তিন নম্বরে ব্যাট করছেন। ওপেনার হিসেবে খেলানো হচ্ছে রাহুল ত্রিপাঠীকে। কিন্তু ত্রিপাঠী তিন ম্যাচ খেললেও তেমন রান পাননি। রাজস্থানের বিরুদ্ধে ৩০ রান করলেও প্রথম দুটি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২ ও ৫ রান।
চেন্নাইয়ের অধিনায়ক বলেন, “গত কয়েক বছরে তিন নম্বরে অজিঙ্ক রাহানে খেলত। মিডল অর্ডার সামলাতেন অম্বাতি রায়ডু। তাই আমরা ভেবেছিলাম, এই মরসুমে আমি মিডল অর্ডারে খেলব। পরিস্থিতির বিচারে খেলাটা জরুরি। ওপেন করতে নেমে ত্রিপাঠী দ্রুত রান তুলবে, এমনটাই পরিকল্পনা ছিল।”
তিনি আরও বলেন, “তবে প্রতি ম্যাচেই আমাকে শুরুর কয়েক ওভারের মধ্যেই নামতে হচ্ছে। নিলামের সময় আমরা ঠিক করেছিলাম আমার ভূমিকা হবে ইনিংস ধরে খেলা। কিন্তু ওপেনিং জুটি রান তুলতে না পারায় বড় রান করতে সমস্যা হচ্ছে।”
রুতুরাজের কথাতেই স্পষ্ট, রাহুল ত্রিপাঠীর ধারাবাহিক ব্যর্থতা দলের ব্যাটিং লাইনআপে সমস্যা তৈরি করেছে। অপর ওপেনার রাচিন রবীন্দ্র রাজস্থানের বিরুদ্ধে শূন্য রানে আউট হলেও আগের দুটি ম্যাচে রান পেয়েছেন। তিনি দলের পুরনো খেলোয়াড় হওয়ায় অধিনায়কের ইঙ্গিত স্পষ্টতই ত্রিপাঠীর দিকে। এখন দেখার বিষয়, চেন্নাই সুপার কিংস তাদের ওপেনিং জুটিতে কোনো পরিবর্তন আনে কিনা।