TMC-কাউন্সিলরের নাম দুই জায়গার ভোটার লিস্টে, ফের ভূতুড়ে কাণ্ড ঘটলো বাংলায়

ভুতুড়ে ভোটার চিহ্নিত করতে যখন পথে নেমেছে তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই প্রকাশ্যে এল দলেরই এক কাউন্সিলরের নাম দুটি আলাদা পৌরসভায় থাকার অভিযোগ। রানাঘাট এবং চাকদহ পৌরসভার ভোটার তালিকায় নাম রয়েছে তৃণমূল কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাস ওরফে সাধনের। এই ঘটনা জানাজানি হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা অবিলম্বে ওই কাউন্সিলরের পদ বাতিলের দাবি জানিয়েছেন।
চাকদহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাসের নাম ওই পৌরসভার ভোটার তালিকায় যেমন রয়েছে, তেমনই বিগত ১০ বছর ধরে রানাঘাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকাতেও পরিবার-সহ তাঁর নাম পাওয়া যাচ্ছে। একজন প্রভাবশালী কাউন্সিলরের নাম কী ভাবে বিগত ১০ বছর ধরে দুটি আলাদা পৌরসভায় বহাল রইল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।
চাকদহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এই বিষয়ে অভিযোগ করে বলেন, ‘তৃণমূলের এই কাউন্সিলর বিগত ১০ বছর ধরে দুই জায়গায় ভোট দিয়ে চলেছেন। তৃণমূল এভাবেই ভয়ঙ্কর কারচুপি করে ভোটে জয়লাভ করছে। আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে গিয়েছি এবং ১৬ হাজার ভুতুড়ে ভোটারের নাম জমা দিয়েছি। এর বাইরেও এরকম অনেক নাম রয়েছে। সেগুলি বাতিল করে নতুন করে ভোটার লিস্ট বের করতে হবে।’ তিনি আরও দাবি করেন, ‘অবিলম্বে ওই কাউন্সিলরের পদ বাতিল করে পুনরায় সেখানে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে।’
রানাঘাট বিধানসভার বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী বলেন, ‘১০ নম্বর ওয়ার্ডের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এরকম তৃণমূলের ভুতুড়ে ভোটার অনেক রয়েছে। রানাঘাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডে নাম রয়েছে হিজুলি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের। তৃণমূলের ভুতুড়ে ভোটার ধরতে যাওয়ায় একদিকে ভালোই হয়েছে।’
অন্যদিকে, তৃণমূল পরিচালিত রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কুশল দেব ব্যানার্জী এই প্রসঙ্গে বলেন, ‘দুই জায়গায় ভোটার লিস্টে নাম থাকা বাঞ্ছনীয় নয়। আমরা এটাও দেখেছি যে, বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নামও দুই জায়গায় রয়েছে। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতি। আমরাই চাই স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ হোক।’
বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে চাকদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ বলেন, ‘তৃণমূল কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাসের ভোটার তালিকায় নাম থাকবে কি না থাকবে সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। আর নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। তাই এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের গাফিলতি।’
এই ঘটনা নিয়ে সত্যজিৎ বিশ্বাস ওরফে সাধন বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভুতুড়ে ভোটার চিহ্নিত করার তৃণমূলের উদ্যোগের মধ্যেই দলের কাউন্সিলরের নাম দুই পৌরসভায় থাকায় শাসক দল যে কিছুটা অস্বস্তিতে পড়েছে, তা বলাই বাহুল্য।