AI-এর নতুন ট্রেন্ড ‘ঘিবলি ইমেজ’, মানুষ মজেছে অ্যানিমে স্টাইলে, শিখেনিন আপনিও

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু কর্মক্ষেত্রে সহায়ক নয়, বরং সঙ্গীর বিকল্প হিসেবেও উঠে আসছে। কল্পনায় যা কিছু আনা যায়, এআই নিমেষেই সেই অনুযায়ী ছবি তৈরি করে দিতে সক্ষম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এআই-এর এক নতুন ধরনের ইমেজ ঝড় তুলেছে, যার নাম ‘ঘিবলি ইমেজ’।

ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে সেলিব্রিটি, সকলেই এই নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে নিজেদের বিভিন্ন ছবি শেয়ার করছেন। এমনকি ঐতিহাসিক ঘটনা, যেমন জুলাই আন্দোলনের মতো বিশেষ মুহূর্তের ছবিও ঘিবলি স্টাইলে তৈরি করে পোস্ট করতে দেখা যাচ্ছে।

স্টুডিও ঘিবলি ইনকর্পোরেশন জাপানের টোকিও ভিত্তিক একটি বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও। তাদের তৈরি করা ‘স্পিরিটেড অ্যাওয়ে’ এবং ‘দ্য বয় অ্যান্ড দ্য হিরো’-এর মতো অ্যানিমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে। স্টুডিওটির স্বতন্ত্র অ্যানিমেশন শৈলী এবং চরিত্রগুলি মানুষের মনে এক বিশেষ স্থান অধিকার করে নিয়েছে।

ওপেনএআইয়ের ইমেজ জেনারেশন টেকনোলজির সাম্প্রতিকতম সংস্করণ ব্যবহার করে এই ‘ঘিবলি ইমেজ’ তৈরি করা হচ্ছে। এটি মূলত একটি অ্যানিমেটেড স্থিরচিত্র। ওপেনএআই-এর চ্যাটবট চ্যাটজিপিটি সম্প্রতি এমন একটি ফিচার এনেছে, যার মাধ্যমে যেকোনো ছবিকে সহজেই ঘিবলি স্টাইলে পরিবর্তন করা যাচ্ছে। এই নতুন ফিচারের দৌলতে সোশ্যাল মিডিয়ায় এখন স্টুডিও ঘিবলির অ্যানিমে স্টাইলের ছবির ছড়াছড়ি।

কিছুদিন আগেই ওপেনএআই তাদের নতুন ইমেজ জেনারেশন টুল জিপিটি-ফোরও লঞ্চ করেছে। কোম্পানি এটিকে ‘এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে অত্যাধুনিক ইমেজ জেনারেটর’ হিসেবে আখ্যায়িত করেছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এই টুলের মাধ্যমে হুবহু স্টুডিও ঘিবলির অ্যানিমে স্টাইলে ছবি তৈরি করা সম্ভব হচ্ছে। এটি খুব অল্প সময়ের মধ্যেই যেকোনো ছবিকে ঘিবলির জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমার দৃশ্যের মতো করে তুলছে।

ওপেনএআইয়ের নতুন জিপিটি-৪ও ইমেজ জেনারেশন টুলের সাহায্যে যে কেউ এই ‘ঘিবলি ইমেজ’ তৈরি করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক এর সহজ পদ্ধতি:

১. প্রথমত, জিপিটি-ফোরও টুল অ্যাক্সেস করতে হবে। বর্তমানে, এই সুবিধাটি শুধুমাত্র ওপেনএআই চ্যাটজিপিটির প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে।

২. যে ছবিটি আপনি ঘিবলি স্টাইলে তৈরি করতে চান, সেটি এই টুলে আপলোড করুন।

৩. এরপর টেক্সট বক্সে লিখুন, “ছবিটিকে ঘিবলি অ্যানিমেশন স্টাইলে পরিবর্তন করুন” অথবা “Turn this image into a Ghibli animation style”।

৪. নির্দেশ দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই এআই আপনার আপলোড করা ছবিটিকে চমৎকার ঘিবলি ইমেজে রূপান্তরিত করবে।

৫. এবার আপনি সহজেই ছবিটি সেভ করে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন এবং এই নতুন ট্রেন্ডের অংশ হতে পারবেন।

সূত্র: এবিপি