বিক্রি হয়ে গেল ইলন মাস্কের ‘এক্স’!- জেনেনিন কত টাকা হলো বর্তমান ভ্যালুয়েশন?

মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি এক্সএআই-এর কাছে তার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার)-কে ৩৩ বিলিয়ন ডলারে বিক্রি করে দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মাস্ক এই অপ্রত্যাশিত ঘোষণা করেন। তিনি জানান, তার সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স এখন থেকে তার এআই ভেঞ্চার এক্সএআই-এর অধীনে পরিচালিত হবে।

উল্লেখ্য, ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনেছিলেন ইলন মাস্ক। বর্তমানে এক্স-এর বিশ্বজুড়ে প্রায় ৬০০ মিলিয়ন (৬০ কোটি) গ্রাহক রয়েছে। মাস্কের এআই কোম্পানি এক্সএআই বর্তমানে ৮০ বিলিয়ন ডলার বাজার মূল্যের অধিকারী, যেখানে এক্স-এর বাজার মূল্য দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলারে।

মাস্ক তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন, এই চুক্তির ফলে এক্স-এর মূল্যায়ন ৩৩ বিলিয়ন ডলার হবে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির ১২ বিলিয়ন ডলার ঋণের বোঝা এখন থেকে এক্সএআই বহন করবে।

তিনি আরও বলেন, এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। আজ আমরা ডেটা, মডেল, গণনা এবং প্রতিভাকে একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। এই সমন্বয় এক্সএআই-এর অত্যাধুনিক এআই ক্ষমতা এবং দক্ষতাকে এক্স-এর বিশাল সংখ্যক ব্যবহারকারীর সঙ্গে মিশ্রিত করে অসীম সম্ভাবনার দরজা খুলে দেবে।

যদিও মাস্ক এখনও পর্যন্ত এক্স প্ল্যাটফর্মে কোনো বড় ধরনের পরিবর্তনের ঘোষণা করেননি, তবে এক্সএআই-এর তৈরি করা Grok চ্যাটবট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির সঙ্গে একীভূত করা হয়েছে। মাস্কের মতে, এই সম্মিলিত প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের আরও উন্নত, স্মার্ট এবং অর্থপূর্ণ অভিজ্ঞতা প্রদান করবে। এই সংযুক্ত কোম্পানির সম্মিলিত বাজার মূল্য দাঁড়াবে ৮০ বিলিয়ন ডলার।

প্রসঙ্গত, ২০২২ সালে টুইটার কেনার পর থেকে ইলন মাস্ক প্ল্যাটফর্মটিতে বেশ কিছু বড়সড় পরিবর্তন এনেছেন। এর ফলে কিছু বিজ্ঞাপনদাতা প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছেন। অধিগ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি কোম্পানির প্রায় ৮০ শতাংশ কর্মী ছাঁটাই করেছিলেন এবং প্ল্যাটফর্মের নীতিমালায় ব্যাপক পরিবর্তন করেছিলেন। এবার নিজের এআই কোম্পানির অধীনে এক্স-কে নিয়ে মাস্ক কী নতুন পদক্ষেপ নেন, সেদিকেই নজর থাকবে প্রযুক্তি বিশেষজ্ঞদের।