BigNews: সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা, মহারাষ্ট্রে মসজিদে বিস্ফোরণ, গ্রেফতার হলেন ২ অভিযুক্ত

মহারাষ্ট্রের বিড জেলার একটি মসজিদের ভেতরে আজ রবিবার (৩০ মার্চ) ভোরে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে আরধামাসলা এলাকার একটি মসজিদে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় মসজিদের মেঝে ও কাঠামোর কিছু অংশে ফাটল দেখা দিলেও, সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন ঘটনার পরপরই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে, যার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় আরধামাসলা এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের লোকজনকে নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, রাত প্রায় ৯টা ৩০ মিনিটে বিজয় রামা গাভনে (২২) এবং শ্রীরাম অশোক সাগদে (২৪) নামে দুই ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে এবং মসজিদের নির্মাণ নিয়ে আপত্তি তোলে। তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সেই সময় নিয়ন্ত্রণে আনা হয়।
পরবর্তীতে, আজ ভোরে পুলিশের কাছে খবর আসে যে ওই দুই অভিযুক্ত মসজিদের ভেতরে বিস্ফোরক জেলেটিন স্টিক রেখে বিস্ফোরণ ঘটিয়েছে। জেলেটিন স্টিক সাধারণত খনন, খনি কার্যক্রম, নির্মাণ এবং পাথর ভাঙার কাজে ব্যবহৃত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক পদার্থ।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত বিজয় রামা গাভনে এবং শ্রীরাম অশোক সাগদেকে গ্রেফতার করেছে। তারা দুজনেই বিডের গেওরাই তালুকের বাসিন্দা।
বিডের পুলিশ সুপার নবনীত কাওয়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা স্থানীয় সরপঞ্চের কাছ থেকে ফোন পাই যে মসজিদে একটি বিস্ফোরণ ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। এরপর অভিযুক্তদের গ্রেফতার করা হয়।”
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ সুপার নবনীত কাওয়াত সাধারণ মানুষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বোমা শনাক্তকরণ এবং ফরেনসিক দল ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত চলছে।