যত গর্জে তত বর্ষে না! কেমন থাকবে আজকের আবহাওয়া? দেখুন কি বলছে হাওয়া অফিস

ঝড়-বৃষ্টির দাপটে কমল গরমের তীব্রতা, সপ্তাহান্তে মিলবে মনোরম আবহাওয়ার স্বস্তি। কয়েকদিন আগেই তাপপ্রবাহে পুড়ছিল বাংলা, পুরুলিয়ার পারদ ছুঁয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস! কিন্তু এখন সেখানে সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ২৪.৩ ডিগ্রিতে। বাঁকুড়ায় পারদ ২৫.৮ ডিগ্রি, শ্রীনিকেতনে ২৬ ডিগ্রি— যা স্বাভাবিকের থেকে ৯-১০ ডিগ্রি কম। কলকাতায়ও তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশপাশে। তবে সোমবার থেকে আবার একটু একটু করে বাড়তে পারে গরম, যদিও আপাতত তাপপ্রবাহের আশঙ্কা নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

তবে স্বস্তির এই আবহেও মন ভারী ক্রিকেটপ্রেমীদের! কারণ আজই ইডেন গার্ডেন্সে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ, যেখানে মুখোমুখি কলকাতা ও বেঙ্গালুরু। কিন্তু সকাল থেকেই কলকাতার আকাশে দমকা হাওয়া, কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি। আবহাওয়া দফতর শনিবারের জন্য জারি করেছে হলুদ সতর্কতা, ফলে ম্যাচে বৃষ্টি বাধা হতে পারে।

দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও বাড়বে ঝড়-বৃষ্টির দাপট। রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সোমবার থেকে ধীরে ধীরে উন্নতি হতে পারে পরিস্থিতির।

আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৯ থেকে ৯০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। যদিও ঝড়বৃষ্টির তাণ্ডব চলছে, তবু এখনও পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ২.৫ মিলিমিটার।