“মহিলারা তো টাকা পান, পুরুষদের প্রতি সপ্তাহে ২ বোতল মদ দিন”- বিধানসভায় দাঁড়িয়ে আবদার বিধায়কের!

বিধানসভায় দাঁড়িয়ে বিতর্ক উসকে দিলেন খোদ বিধায়ক। বিনামূল্যে মদ দেওয়া হোক, তবে শুধুমাত্র পুরুষদেরই! এমনই বিস্ফোরক দাবি কর্নাটকের জেডিএস বিধায়ক এমটি কৃষ্ণাপ্পার। তাঁর এই মন্তব্যের পর বিধানসভায় হাসির রোল ওঠে, তবে বিরোধীরা তীব্র সমালোচনায় সরব হন।

মঙ্গলবার কর্নাটক বিধানসভায় মদের বিক্রি এবং রাজ্যের রাজস্ব (Revenue) বাড়ানোর উপায় নিয়ে আলোচনা চলছিল। বিধায়করা নানারকম পরামর্শ দিচ্ছিলেন— কেউ চাইছিলেন মদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা, আবার কেউ চাইছিলেন রাজস্ব বৃদ্ধির জন্য বিক্রিতে ছাড়।

তবে সবচেয়ে চমকপ্রদ প্রস্তাব দেন জেডিএস বিধায়ক এমটি কৃষ্ণাপ্পা। তাঁর মতে, “রাজ্যের সব পুরুষকে প্রতি সপ্তাহে ২ বোতল করে বিনামূল্যে মদ দেওয়া উচিত!”

কৃষ্ণাপ্পার যুক্তি, “মহিলাদের অনেক কিছু দেওয়া হচ্ছে— মাসে ২০০০ টাকা, বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে বাসের টিকিট। কিন্তু পুরুষদের জন্য কিছুই নেই। তাহলে তাদের জন্য অন্তত বিনামূল্যে মদ দেওয়া হোক!”

তাঁর বক্তব্যের পরই হাসির রোল ওঠে বিধানসভায়। তবে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বাজেটে মদের শুল্ক থেকে ৪০,০০০ কোটি টাকা রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করায় এই প্রসঙ্গে বিতর্ক শুরু হয়। কৃষ্ণাপ্পা দাবি করেন, “এক বছরে তিনবার মদের ওপর কর বাড়ানো হয়েছে। দরিদ্র মানুষ এতে সমস্যায় পড়ছে। কর না বাড়ালে ৪০,০০০ কোটি টাকার লক্ষ্য কীভাবে পূরণ হবে?”

এই দাবির বিরোধিতা করে কর্নাটকের এনার্জি মিনিস্টার কে জে জর্জ কটাক্ষ করে বলেন, “আগে ভোটে জিতে সরকার গঠন করুন, তারপর যা ইচ্ছে করার পরিকল্পনা নিন! আমরা বরং চেষ্টা করছি, যাতে মানুষ মদ কম খায়।”

এই মন্তব্যের পরই বিধানসভায় বিতর্ক চরমে ওঠে। বিরোধীরা বিধায়ক কৃষ্ণাপ্পার এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, “এটি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। সরকার রাজস্ব বাড়ানোর নামে এমন সিদ্ধান্ত নিতে পারে না।”

এখন দেখার, এই বিতর্কের পর কর্নাটক সরকার কী পদক্ষেপ নেয়!