সুনীতার ফিরে আসায় উচ্ছ্বসিত মমতা, বললেন— ‘আমাদের মেয়ে ফিরে এসেছে…’

নয় মাস কেটে গেছে। অবশেষে তিনি ফিরলেন পৃথিবীর মাটিতে। দীর্ঘ প্রতীক্ষার পর এক নতুন ইতিহাস রচনা করে বুধবার মহাকাশ থেকে ধরণীতে পা রাখলেন নাসার দুই নভোচারী—সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁদের এই প্রত্যাবর্তনে দেশজুড়ে আনন্দের জোয়ার। আর সুনীতার ভারতীয় বংশোদ্ভব হওয়ায় তাঁকে ঘিরে উচ্ছ্বাস যেন আরও চরমে। এই ‘ভারতকন্যা’র অসাধারণ কৃতিত্বে গর্বিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজ, বুধবার সকালে তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে নভোচারীদের অভিনন্দন জানিয়েছেন। শুধু তাই নয়, সুনীতাদের উদ্ধারে মহাকাশে পাড়ি দেওয়া নাসার দলকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এই প্রত্যাবর্তন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়—দুজনেই বিশেষ বার্তা দিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনীতা উইলিয়ামসের ফিরে আসায় উচ্ছ্বসিত। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমাদের মেয়ে ফিরে এসেছে। ভারতের কন্যার প্রত্যাবর্তনে আমরা আনন্দে আত্মহারা। তাঁদের সাহসের প্রতি কুর্নিশ। যাঁরা তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে এনেছেন, তাঁদেরও ধন্যবাদ।” এদিকে, সুনীতার ফিরে আসা নিয়ে রাজ্য বিধানসভায় অভিনন্দন প্রস্তাব আনার পক্ষে সওয়াল করেছে বিজেপি। বিজেপির পরিষদীয় নেতা শঙ্কর ঘোষ এই প্রস্তাব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরেছেন।
Welcome Sunita Williams and Butch Wilmore back to earth, finally and safely, after so many days.
Our daughter of India returns to us, and we are deeply deeply happy and elated. We are profoundly happy for Butch Wilmore also. Hail their courage, hail their return, hail human…
— Mamata Banerjee (@MamataOfficial) March 19, 2025
এর আগে জানানো হয়েছিল, ১৯ মার্চ সুনীতা ও বুচকে পৃথিবীতে ফেরানো হবে। সেই মতো, মঙ্গলবার (১৮ মার্চ) সকালে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে যাত্রা শুরু করে এলন মাস্কের সংস্থার ফ্যালকন নাইন রকেট। নির্ভুল সময়ে ফ্লোরিডা উপকূলে প্যারাশুটে নেমে আসে মহাকাশযান। ভারতীয় সময়ে তখন রাত তিনটে সাতাশ মিনিট। তারপর সুনীতা ও বুচকে নিয়ে যাওয়া হয় কেনেডি স্পেস সেন্টারে। দীর্ঘ মহাকাশযাত্রার পর ক্লান্তি থাকলেও তাঁদের মুখে ফুটে উঠেছিল জয়ের হাসি। একসময় তাঁদের ফিরে আসা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। কিন্তু ২৮৬ দিনের অপেক্ষার পর ফ্লোরিডার সমুদ্রে নিরাপদে অবতরণ করে স্পেসএক্সের মহাকাশযান।
তবে সুনীতা ও বুচ এখনই বাড়ি ফিরছেন না। মহাকাশে দীর্ঘ সময় কাটানোর ফলে শারীরিক জটিলতা দেখা দেয়। পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় লাগবে। মহাকাশ থেকে নতুন রোগ আনার আশঙ্কাও থাকে। তাই তাঁদের থাকতে হবে কোয়ারেন্টিনে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এক্স-এ লিখেছেন, “তাঁদের সাহস ও মনোবল মানবজাতির গর্বকে আরও উজ্জ্বল করেছে। বিশেষ করে আমাদের দেশের মেয়ে সুনীতার কীর্তি অতুলনীয়। তাঁরা নিরাপদে ফিরেছেন, এজন্য শুভেচ্ছা। নাসার যে দল তাঁদের উদ্ধারে মহাকাশে গিয়েছিল, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা।”
সুনীতা উইলিয়ামসের এই অভিযান ভারতের গর্বের এক নতুন অধ্যায়। তাঁর ফিরে আসায় শুধু পরিবার নয়, গোটা দেশ আজ উৎসবে মেতে উঠেছে।