অ্যান্টার্কটিকায় ৪২ কিমি ম্যারাথন! মাত্র সাড়ে ৬ ঘন্টায় শেষ করে চমকে দিলো কলকাতার ছেলে

চারিদিকে শুধুই বরফ, তাপমাত্রা সবসময়ই শূন্যের নিচে। সাধারণ মানুষের পক্ষে সেখানে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। বিশ্বের অন্যতম দুর্গম অঞ্চল অ্যান্টার্কটিকা মহাদেশে সম্প্রতি ৪২ কিলোমিটারের ম্যারাথন সম্পন্ন করলেন কলকাতার উদ্যোক্তা পীযূষ জাজু। শনিবার আয়োজিত এই মর্যাদাপূর্ণ ম্যারাথন তিনি শেষ করেছেন প্রায় সাড়ে ৬ ঘণ্টায়। উল্লেখ্য, কলকাতা থেকে এই প্রথম কেউ অ্যান্টার্কটিকায় আয়োজিত এই ম্যারাথনে অংশ নিলেন।
জানা গিয়েছে, কিং জর্জ দ্বীপের বরফে ঢাকা ভূখণ্ডে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। ২৬টি দেশের মোট ১৫০ জন প্রতিযোগী এতে অংশ নেন। মূলত জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনধারার প্রচারের লক্ষ্যে এই ম্যারাথনে অংশ নেন সৌরশক্তি সম্পর্কিত কোম্পানি ‘ওনার্জি সোলার’-এর সহ-প্রতিষ্ঠাতা পীযূষ। এটি শুধুমাত্র ধৈর্যের পরীক্ষা ছিল না, বরং পরিবেশ রক্ষার বার্তা দেওয়ার এক উদ্যোগ।
একটি প্রেস বিবৃতিতে পীযূষ বলেন, ‘আমাদের গ্রহ যে ধীরে ধীরে চরম বিপদের দিকে এগোচ্ছে, তার স্পষ্ট নিদর্শন হল অ্যান্টার্কটিকা। এই ম্যারাথনের মাধ্যমে আমি পরিবেশবান্ধব শক্তির ব্যবহার ও স্বাস্থ্যকর জীবনযাত্রার বার্তা দিতে চাই। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে প্রতিটি ছোট পদক্ষেপ গুরুত্বপূর্ণ।’
মাত্র দু’বছর আগে থেকেই পীযূষ বিভিন্ন ম্যারাথনে অংশগ্রহণ শুরু করেন। এই সময়ের মধ্যেই তিনি আয়রনম্যান ৭০.৩ ট্রায়াথলন (দৌড়, সাইক্লিং এবং সাঁতার), বিশ্বের সর্বোচ্চ তুষার ম্যারাথনে ২১ কিলোমিটার দৌড় এবং এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং সম্পন্ন করেছেন।