ভাষা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে শহিদ মিনারে গেলেন না ইউনুস, ফের সমালোচনা শুরু রাজনৈতিক মহলে!

হাসিনা সরকারের পতনের পর থেকেই রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে বাংলাদেশ। এর মধ্যেই ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। অভিযোগ, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাননি তিনি। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পু যখন শহিদ মিনারে উপস্থিত ছিলেন, তখন সেখানে যাননি ইউনুস।
প্রথা অনুযায়ী, প্রতিবছর ভাষা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে শহিদ মিনারে যান এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। গত বছরও শেখ হাসিনা ও রাষ্ট্রপতি একসঙ্গে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এবার নতুন সরকার আসার পর মহম্মদ ইউনুসের সেই একই কর্মসূচিতে রাষ্ট্রপতির সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু অভিযোগ, রাষ্ট্রপতি শহিদ মিনার ছাড়ার পর ৭ মিনিট দেরি করে সেখানে পৌঁছন ইউনুস। শুধু তাই নয়, রাষ্ট্রপতির সঙ্গে কোনও উপদেষ্টার সৌজন্য বিনিময়ও হয়নি বলে জানা গিয়েছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চরমে উঠেছে। দেশজুড়ে হিন্দু নিপীড়নের অভিযোগ উঠেছে, মন্দির ধ্বংস ও সংখ্যালঘুদের উপর হামলার খবরও প্রকাশ্যে এসেছে। এমন পরিস্থিতিতে ইউনুস সরকারের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠছে।
একাধিক সূত্রের দাবি, রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে শহিদ মিনারে যেতে না করার জন্য চাপ দেওয়া হয়েছিল। তাঁকে ভয় দেখানো হয় বলেও অভিযোগ। তা সত্ত্বেও তিনি শহিদ মিনারে যান এবং শ্রদ্ধা জানান। এই ঘটনায় ইউনুস প্রশাসনের উপদেষ্টারা ক্ষুব্ধ হয়েছেন বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।
বিশ্লেষকদের মতে, নতুন সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ইউনুস প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভাষা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর দূরত্ব আরও একবার এই সরকারের কার্যপ্রণালী নিয়ে বিতর্ক উসকে দিল।
এই ঘটনা বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করবে বলেই মনে করা হচ্ছে।