১৯ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে প্রয়াগরাজ পৌঁছলেন শ্রীমা, মহাকুম্ভে গিয়ে কী উপলদ্ধি অভিনেত্রীর?

কলকাতা থেকে ১৯ ঘণ্টা ধরে সড়কপথে দীর্ঘ যাত্রা শেষে প্রয়াগরাজ পৌঁছেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। মঙ্গলবার মৌনি অমাবস্যায় মহাকুম্ভ মেলায় অংশ নিতে পৌঁছান তিনি। তবে, ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করার পরিবর্তে, নিরাপত্তাজনিত কারণে আড়িল ঘাটে স্নান করেন শ্রীমা। বাবাকে সঙ্গে নিয়ে এই বিশেষ মুহূর্তটি তিনি স্মরণীয় করে তুলেছেন।
শ্রীমা তাঁর ইনস্টাগ্রামে মহাকুম্ভে অংশ নেয়ার কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি তাঁর পরিবারের সদস্যদের এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তিনি জানান, প্রথমে পরিকল্পনা ছিল ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করার, কিন্তু পদপিষ্টের ঘটনা শুনে তারা সিদ্ধান্ত নেন আর ঝুঁকি না নেওয়ার। তাই তারা আড়িল ঘাটে গিয়ে ভোরবেলা স্নান করেন, তারপরে সোমেশ্বর বাবার মন্দিরে যান।
শ্রীমা ইনস্টাগ্রামে লিখেছেন, “হর হর মহাদেব। ১৪৪ বছর পর আসা মৌনী অমাবস্যার পূর্ণ তিথিতে বাবার সাথে বাবার নামে সঙ্গমে ডুব! এই সুযোগ দেওয়ার জন্য ইউনিভার্সকে অনেক ধন্যবাদ। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা যা মনে যত্ন করে রাখা থাকবে।”
View this post on Instagram
এদিকে, প্রয়াগরাজ থেকে শ্রীমা বর্তমানে বেনারসে যাচ্ছেন। সেখানে বিশ্বনাথের দর্শন সেরেই তিনি কলকাতায় ফিরবেন। শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি অমরসঙ্গী, যেখানে শ্রীমার পাশাপাশি অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার।