‘আমি পৃথক রাজ্য চাই”-বিষ্ণুই এখন হয়ে উঠেছেন বিজেপির গলার কাঁটা?

পাহাড়ে ভোট হতে বাকি মাত্র ২ সপ্তাহ। আর তার আগে শত চেষ্টাতেও বাগে আনা যাচ্ছেনা বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা কে। সম্প্রতি তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে জানিয়েছেন বিধায়ক পদ থেকে ইস্তফা দেয়ার কোনো প্রশ্নই নেই। কারণ বিজেপির মধ্যেই রয়েছে একাধিক পৃথক রাজ্যের দাবিদার আর তারাই হলেন বিষ্ণু প্রসাদের শক্তি।

বিষ্ণুপ্রসাদ বলেন, ‘উত্তরবঙ্গ কেন্দ্রিক পৃথক রাজ্যের বিরোধী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অথচ নির্বাচন এলেই পাহাড়ে গিয়ে বিজেপি নেতৃত্ব পৃথক রাজ্যের কথা বলে ভোট চান। ইস্তাহারেও আকারে ইঙ্গিতে পৃথক রাজ্যের পক্ষেই প্রতিশ্রুতি দেওয়া হয়।’ তাঁর কথায়, ‘নেতৃত্বের এই ভণ্ডামি তিনি সকলের সামনে তুলে ধরতে চান।’

তিনি সাংবাদিক বৈঠকে দাবি করেন, ‘বিধানসভা নির্বাচনের সময়ে দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব আমায় পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন বা পিপিএসের ব্যাখ্যা করতে গিয়ে পৃথক রাজ্যের কথাই বলেছিলেন। অথচ বিধানসভায় পৃথক রাজ্য নিয়ে কথা বলতে আমাকে বাধা দেওয়া হয়েছিল। তবে আমি চুপ থাকব না। নির্বাচনী প্রচারে নেতাদের ভণ্ডামির মুখোশ খুলে দেব।’

তিনি বলেন, ‘আমি পৃথক রাজ্য চাই। পাহাড়ের অধিকাংশ মানুষ পৃথক রাজ্যের পক্ষে। তাহলে কে, কার ভোট কাটবে? আমি মনে করি, বিজেপির অফিশিয়াল প্রার্থী আমার ভোট কাটার চেষ্টা করবেন।’ তাঁর অভিযোগ, গত পনেরো বছর পাহাড় থেকে বিজেপি বার বার লোকসভা আসনে জয়ী হলেও কিছুই করেনি।