পুজোর আনন্দ মাটি করতে আসছে বৃষ্টি? পঞ্চমী থেকে কোন কোন জেলায় দুর্যোগের আশঙ্কা

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আনন্দ কি তবে বৃষ্টিতে পণ্ড হবে? এই আশঙ্কাই সত্যি করে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর কদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৫ থেকে ১৭ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে ১৪ অক্টোবর থেকেই পরিস্থিতির বদল হতে পারে। ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পঞ্চমী থেকে সপ্তমী বড় বিপদের আশঙ্কা
পুজোর দিনগুলিতে সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ১৫ থেকে ১৭ অক্টোবর (পঞ্চমী থেকে সপ্তমী)। এই তিন দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এ ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি ১৮ ও ১৯ অক্টোবর (অষ্টমী ও নবমী) পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে ২০ থেকে ২২ অক্টোবর ফের আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।
কল্লোলিনী কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
রাজধানী কলকাতায় ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই কদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। এরপর ১৪ অক্টোবর হালকা বৃষ্টির সামান্য ছাঁট দেখা যেতে পারে। তবে মূল পুজো অর্থাৎ ১৫ থেকে ১৭ অক্টোবর কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও বড় কোনো দুর্যোগের পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি
দক্ষিণবঙ্গে যখন পুজোর আনন্দ মাটি করার উপক্রম বৃষ্টির, তখন উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটা অনেকটাই স্বস্তিদায়ক। ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাই মূলত শুষ্ক থাকবে। তবে ১৬ ও ১৭ অক্টোবর উত্তরবঙ্গের দু-এক জায়গায় হালকা বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।