দেবীরূপে ফিরছেন দিতিপ্রিয়া? জেনেনিন কোন ধারাবাহিকে দেখা যাবে?

জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ মাঝপথেই হঠাৎ ছেড়ে দেওয়ার পর বেশ কয়েক মাস অভিনয় থেকে দূরেই ছিলেন দিতিপ্রিয়া রায়। ছোটপর্দায় তাঁকে দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁর অগণিত ভক্ত-অনুরাগী। মহালয়ার দিন ছোটপর্দায় দেবী দুর্গারূপে কামব্যাক করে ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। আর এবার সামনে এল আরও এক বড় চমক। জি বাংলার পর এবার সোজা স্টার জলসায় কামব্যাক করতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

স্টার জলসার পক্ষ থেকে সম্প্রতি সামনে আসা একটি নতুন মেগার প্রোমো ঘিরেই এখন জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘করুণাময়ী রানি রাসমণি’র ঐতিহাসিক সাফল্যের পর এবার আরও একটি পৌরাণিক কাহিনিভিত্তিক ধারাবাহিকে দেখা যাবে দিতিপ্রিয়াকে। আসছে নতুন মেগা ‘মনসামঙ্গল’। কীভাবে দেবীর জন্ম হল, শিবের সঙ্গে তাঁর পিতা-কন্যার সম্পর্ক এবং সমাজে তাঁর প্রভাব— এই সমস্ত রোমাঞ্চকর ও ভক্তিমূলক কাহিনি নিয়েই এগোবে এই ধারাবাহিক। পাশাপাশি চাঁদ সদাগরের গল্পও যে এই মেগায় গুরুত্ব পাবে, এমনটাই শোনা যাচ্ছে।

মহালয়ার দিন সান বাংলায় মহিষাসুরমর্দিনী রূপে ধরা দেওয়ার পাশাপাশি স্টার জলসার পর্দায় দেবী মনসার প্রথম ঝলকেই সকলের নজর কেড়েছেন দিতিপ্রিয়া। এর আগে অভিনেত্রীকে ঐতিহাসিক চরিত্রে দেখা গেলেও, এই প্রথমবার তাঁকে কোনো পৌরাণিক দেবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অত্যন্ত স্নিগ্ধ ও চমৎকার এই লুকে তাঁকে দেখে মুগ্ধ দর্শক মহল।

টেলিপাড়ার অন্দরের গুঞ্জন, খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘লক্ষ্মীঝাঁপি’ ধারাবাহিকটি। আর সেই স্লটেই নাকি সম্প্রচারিত হতে পারে এই নতুন মেগা ‘মনসামঙ্গল’। সব মিলিয়ে বহুমাস পর টেলিভিশনের প্রধান চরিত্রে দিতিপ্রিয়ার এই রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়েছে অনুরাগীদের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *