মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েট— বেকার যুবক-যুবতীদের জন্য বড় বার্তা! রাজ্য সরকারের নতুন প্রকল্পের নিয়ম জেনে রাখুন

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বহু প্রতীক্ষিত ‘যুবশক্তি ভরসা কার্ড’ বা ‘যুবশক্তি প্রকল্প’ নিয়ে জল্পনার অবসান ঘটালেন খোদ মুখ্যমন্ত্রী। এতদিন নভেম্বর মাস থেকেই ভাতা পাওয়ার গুঞ্জন শোনা গেলেও, সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন যে, আগামী বছরের জানুয়ারি মাস থেকেই এই প্রকল্প পুরোদমে কার্যকর হবে। এর ফলে যোগ্য উপভোক্তারা ধাপে ধাপে প্রতি মাসে আর্থিক সহায়তা পেতে শুরু করবেন।
দুটি আলাদা গ্রুপে মিলবে আর্থিক সাহায্য
জনসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্র্যাজুয়েট এবং নন-গ্রাজুয়েটদের জন্য দুটি আলাদা গ্রুপ করে এই ‘ভরসা স্কিম’ বা যুবশক্তি প্রকল্প চালু করা হবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এই বিভাজন থাকায় প্রতিটি আবেদনকারী নিজের যোগ্যতা অনুযায়ী ভাতা পাবেন। প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
নবান্ন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মাসিক ভাতার পরিমাণ নির্ধারিত হয়েছে—
-
স্নাতক বা গ্র্যাজুয়েটরা: প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন। যাঁরা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অথচ এখনও কর্মসংস্থান পাননি, তাঁদের জন্য এই অর্থ বড় ভরসা হয়ে উঠবে।
-
মাধ্যমিক উত্তীর্ণ বা নন-গ্রাজুয়েটরা: প্রতি মাসে ২,০০০ টাকা করে ভাতা পাবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হওয়ায় রাজ্যের একটি বিরাট অংশের বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় আসছেন।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বেকার যুবক-যুবতীদের অন্তত ৫ বছর বা যতদিন না তাঁরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, ততদিন এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। দীর্ঘ মেয়াদের এই সহায়তা পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত স্বস্তিদায়ক হবে বলে মনে করা হচ্ছে।
সামাজিক সুরক্ষায় বিশেষ জোর ও আবেদনের শর্ত
এই প্রকল্পের মাধ্যমে বেকার ভাতার পাশাপাশি রাজ্যের বাল্যবিবাহ এবং কম বয়সে মাতৃত্বের মতো সামাজিক সমস্যাগুলি রুখতে মেয়েদের স্বনির্ভর করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে, আর্থিক নিশ্চয়তা থাকলে মেয়েরা আরও বেশি করে পড়াশোনা ও কাজের দিকে এগোতে পারবে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে:
-
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে বেকার হতে হবে।
-
বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
-
পরিবারের বার্ষিক বা মাসিক আয় নির্দিষ্ট সীমার (মাসিক আয় ১ লক্ষ টাকার কম) মধ্যে থাকতে হবে।
-
অন্য কোনও সরকারি ভাতা বা প্রকল্পের সুবিধাভোগী হলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।
কবে থেকে শুরু হবে আবেদন?
সরকারি বিজ্ঞপ্তি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও, প্রশাসনিক মহলের খবর অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহেই আবেদনের জন্য অনলাইন পোর্টাল চালু হতে পারে। পোট্যাল চালু হওয়া মাত্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে। তাই ইচ্ছুক প্রার্থীদের সুবিধার্থে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্কের পাসবই এবং শেষ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের মতো প্রয়োজনীয় নথিগুলি আগে থেকেই প্রস্তুত রাখতে বলা হচ্ছে।