১৫ হাজার টাকার ফোন বিক্রি করে কত লাভ করে কোম্পানিগুলি? জানলে আকাশ থেকে পড়বেন!

বর্তমানে স্মার্টফোন ছাড়া দৈনন্দিন জীবন প্রায় অচল। বাজারে কয়েক হাজার টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকার ফোনও পাওয়া যায়। তবে মধ্যবিত্ত ক্রেতাদের কাছে ১৫ হাজার টাকার আশপাশের স্মার্টফোনের চাহিদা সবসময়ই সবচেয়ে বেশি। এই দামের ফোনে এখন ৫জি প্রযুক্তি, উন্নত ক্যামেরা এবং অ্যামোলেড ডিসপ্লের মতো অত্যাধুনিক সুবিধাও পাওয়া যাচ্ছে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, দোকান থেকে যে ফোনটি আপনি ১৫ হাজার টাকা দিয়ে কিনছেন, সেটি তৈরি করতে সংস্থার আসলে ঠিক কত টাকা খরচ হয়? ১৫ হাজার টাকার ফোন বিক্রি করে কি সংস্থাগুলি কয়েক হাজার টাকা মুনাফা করে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো অঙ্ক? এই প্রশ্নের উত্তর জানলে যে কেউ অবাক হবেন।

ফোন তৈরিতে যন্ত্রাংশের আসল খরচ কত?

আনুমানিক হিসাব অনুযায়ী, ১৫ হাজার টাকার একটি স্মার্টফোন কারখানায় তৈরি করতে সংস্থার খরচ হতে পারে প্রায় ৭,৫০০ থেকে ৯,০০০ টাকা। এই খরচের সবচেয়ে বড় অংশ যায় প্রসেসর ও ডিসপ্লে তৈরিতে। বর্তমানে এই দামের ফোনেও উন্নত ৫জি প্রসেসর এবং অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়। এই দু’টি যন্ত্রাংশের পিছনেই খরচ হয় প্রায় ৩,৫০০ থেকে ৪,৫০০ টাকা।

এর পরে রয়েছে ক্যামেরা, র‍্যাম এবং ফোনের স্টোরেজ। এই তিনটি যন্ত্রাংশের জন্য সংস্থাকে খরচ করতে হয় আনুমানিক ২,০০০ থেকে ২,২৫০ টাকা। অন্যদিকে ব্যাটারি, চার্জার, ফোনের বডি বা বাইরের অংশ এবং বিভিন্ন ছোট সেন্সর মিলিয়ে খরচ হয় আরও প্রায় ১,৫০০ টাকা। সব মিলিয়ে কারখানায় ফোনের যন্ত্রাংশ তৈরি ও সংযোজনের খরচ দাঁড়ায় প্রায় ৭,৫০০ থেকে ৯,০০০ টাকার কাছাকাছি।

ফোন তৈরির খরচের বাইরে আর কী কী খরচ থাকে?

ফোন তৈরির খরচ যদি ৮,৫০০ টাকার আশপাশে হয়, তবে বাজারে এসে তার দাম ১৫ হাজার টাকা কেন হয়ে দাঁড়ায়? এর অন্যতম প্রধান কারণ হলো কর এবং বিপণনের খরচ।

  • জিএসটি বা কর: ভারতে স্মার্টফোনের উপর ১৮ শতাংশ জিএসটি দিতে হয়। ফলে ১৫ হাজার টাকার দামের মধ্যে প্রায় ২,২৮৮ টাকা সরাসরি জিএসটি বাবদ চলে যায় সরকারের কোষাগারে।

  • গবেষণা ও উন্নয়ন (R&D): নতুন প্রযুক্তি, ফোনের আকর্ষণীয় নকশা, সফটওয়্যার এবং বিভিন্ন অভিনব ফিচার তৈরি করতে সংস্থাগুলিকে নিয়মিত বিশাল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়।

  • বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং: টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়া, এমনকি জনপ্রিয় অভিনেতা ও ক্রিকেটারদের দিয়ে বিজ্ঞাপন প্রচার করাতে বিপুল টাকা খরচ করে মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলি। আনুমানিক হিসাবে, প্রতি ফোনের বিপণন ও ব্র্যান্ডিংয়ের জন্য খরচ হতে পারে ১,০০০ থেকে ১,৫০০০ টাকা।

  • সরবরাহ ও ডিস্ট্রিবিউশন: কারখানা থেকে তৈরি হয়ে বেরলেই ফোন সরাসরি ক্রেতার হাতে পৌঁছয় না। প্রথমে তা যায় জাতীয় স্তরের ডিস্ট্রিবিউটরের কাছে। সেখান থেকে স্থানীয় পাইকারি বিক্রেতা হয়ে তবেই তা পৌঁছয় খুচরা দোকানের তাকে। অনলাইন বিপণনের ক্ষেত্রেও রয়েছে নিজস্ব লজিস্টিকস খরচ। এই গোটা সরবরাহ ব্যবস্থায় ডিস্ট্রিবিউটর ও বিক্রেতাদের কমিশন মিলিয়ে খরচ হতে পারে প্রায় ১,২০০ থেকে ১,৮০০ টাকা। এর পাশাপাশি ফোনের ওয়ারেন্টি, সার্ভিস সেন্টার পরিচালনা এবং পরিবহণের খরচও বহন করতে হয় সংস্থাকে।

সমস্ত খরচ বাদ দিয়ে কোম্পানির হাতে কত থাকে?

এত সমস্ত হিসাব-নিকাশের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতেই পারে, তবে একটি ১৫ হাজার টাকার ফোন বিক্রি করে সংস্থার নিট লাভ বা মার্জিন কত থাকে? বিভিন্ন ইন্ডাস্ট্রি ইনসাইডার ও আনুমানিক হিসাব বলছে, উৎপাদন থেকে শুরু করে ট্যাক্স, লজিস্টিকস এবং মার্কেটিংয়ের সমস্ত খরচ বাদ দিলে একটি ফোন বিক্রি করে প্রস্তুতকারী সংস্থার পকেটে নিট মুনাফা থাকতে পারে মাত্র ৫০০ থেকে ১,০০০ টাকা!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *