“ভাই বর্ধমানে লুকিয়ে ছিল, নানুরে অস্ত্র রাখল কী করে?”বিস্ফোরক দাবি নিহত রতনের দাদার!

নানুরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত রতন শেখের মৃত্যুকে ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। পুলিশের দাবি ছিল, ঝোপের মধ্যে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন রতন। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই তত্ত্ব সরাসরি খারিজ করে দিলেন নিহত যুবকের দাদা সালাম শেখ। তাঁর পালটা প্রশ্ন, ভাই যদি ঘটনার পর থেকে বর্ধমানেই লুকিয়ে থাকে, তবে সে নানুরের ইটভাটার ঝোপে অস্ত্র লুকিয়ে রাখার সুযোগ পেল কোথায়?

ঠিক কী দাবি করেছে পুলিশ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের একটি মামলায় গত শুক্রবার জামিন পান রতন শেখ। কিন্তু জেল থেকে বেরোনোর পরেই অন্য একটি মামলায় তাঁকে গ্রেফতার করতে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। অভিযোগ, পুলিশকে দেখেই গুলি চালান রতন। যার জেরে বিশ্বজিৎ দাস নামে এক কনস্টেবল গুরুতর জখম হন এবং তাঁর বাঁ পায়ে গুলি লাগে। ঘটনার পরেই পালিয়ে যান রতন।

এর পর গত রবিবার পুলিশি এনকাউন্টারের নিকেশ করা হয় রতনকে। সোমবার বীরভূমের পুলিশ সুপার রাজেশ ভুন্দা জানান, নানুরের একটি ইটভাটায় রতন লুকিয়ে রয়েছে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। তখনই ঝোপের মধ্যে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান রতন। শেষপর্যন্ত আত্মরক্ষার্থেই পুলিশ পালটা গুলি চালায়, যাতেই মৃত্যু হয় তাঁর।

পরিবারের বিস্ফোরক অভিযোগ

মঙ্গলবার রামপুরহাট হাসপাতালে ভাইয়ের মৃতদেহ নিতে এসে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রতন শেখের দাদা সালাম শেখ। তিনি দাবি করেন, তাঁর ভাইকে সম্পূর্ণ মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে। সালামের কথায়, “শুক্রবারের ঘটনার পর থেকে ভাই বর্ধমানে লুকিয়ে ছিল। তা হলে ও নানুরের ওই ঝোপের মধ্যে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখবে কী করে? রবিবার ওর কাছে কোনো অস্ত্র ছিল না, আমি জানি।” তবে গত শুক্রবার কনস্টেবলকে গুলি করার ঘটনার সময় রতনের কাছে অস্ত্র থাকার কথা পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন তিনি।

নিহত যুবকের দাদার আরও দাবি, তিনি নিজেও একটি পারিবারিক মামলায় পুলিশ হেফাজতে ছিলেন এবং শনিবার জামিনে মুক্ত হন। এরপরই পুলিশ তাঁকে জোর করে ভাইয়ের খোঁজ দিতে বলে। পুলিশকে সঙ্গে নিয়ে তিনি আত্মীয়দের বাড়িও ঘুরেছেন এবং জানতে পেরেছেন রতন বর্ধমানে ছিলেন। সালামের সাফ কথা, “ও বোলপুরে থাকত। গত সাত বছর নানুরে পা রাখেনি।”

এদিকে, রতনের ছোড়া গুলি যে পুলিশের গাড়িতে লেগেছিল, তার ফরেন্সিক তদন্ত শুরু হয়েছে। সোমবার নানুরের ওই ইটভাটায় পৌঁছে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। পরিবারের দাবি মতো নিরপেক্ষ ও সঠিক তদন্ত হলেই গোটা ঘটনার সত্যতা সামনে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *