AI-কি শিক্ষার্থীদের চিন্তাশক্তি বাড়াচ্ছে, নাকি বেশি নির্ভরশীল করে তুলছে?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের আবির্ভাব মানবসভ্যতায় এক বড় রূপান্তরের সূচনা করেছে। প্রত্যন্ত গ্রামের শিশু থেকে শহরের প্রবীণ নাগরিক—সবাই আজ এই প্রযুক্তির সঙ্গে পরিচিত, আর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে সবচেয়ে বেশি প্রভাবিত। নোট তৈরি, অ্যাসাইনমেন্ট, পরীক্ষার উত্তর, প্রবন্ধ, গবেষণাপত্র, অনুবাদ, উপস্থাপনা বা গাণিতিক ও ব্যক্তিগত সমস্যার সমাধানে অনেকেই এআইয়ের ওপর নির্ভর করছেন। এতে প্রশ্ন উঠছে, এটি শিক্ষার্থীদের চিন্তার উৎকর্ষ ঘটাচ্ছে নাকি নির্ভরশীলতা বাড়াচ্ছে।

চিন্তার জগৎ প্রসার ও জটিল বিষয় বোঝার সুবিধা

চিন্তার জগৎ প্রসারিত হওয়া মানে কেবল নতুন তথ্য পাওয়া নয়, বরং নতুনভাবে ভাবা, প্রশ্ন করা, যুক্তি বিশ্লেষণ করা এবং ভিন্ন দৃষ্টিকোণ থেকে কোনো বিষয় দেখার সক্ষমতা তৈরি হওয়া। কোনো বিষয়ে প্রশ্ন করলে এআই বিভিন্ন তথ্য, ব্যাখ্যা ও উদাহরণ দিয়ে পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে জানার সুযোগ তৈরি করতে পারে।

এভাবে বহুমাত্রিক চিন্তার সুযোগ পেলে শিক্ষার্থীরা নিজস্ব সীমিত দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে অন্যের মতামত ও যুক্তিও বিবেচনা করতে শেখে। কঠিন বিষয় সহজ ভাষায়, উদাহরণ দিয়ে বা ধাপে ধাপে ব্যাখ্যা করিয়ে নিলে না বুঝে মুখস্থ করার বদলে গভীরভাবে ভাবার সুযোগ তৈরি হয়। পাশাপাশি এআইয়ের দেওয়া তথ্যের সঙ্গে নিজের জানা তথ্যের তুলনা বা পক্ষে-বিপক্ষে যুক্তি চাওয়ার মাধ্যমে যুক্তি ও বিশ্লেষণী ক্ষমতার চর্চাও হয়।

নির্ভরশীলতা নাকি উৎকর্ষ—সিদ্ধান্ত ব্যবহারের ওপর

অ্যাসাইনমেন্ট, নোট, গবেষণাপত্র, পরীক্ষার উত্তর, অনুবাদ বা সমস্যার সমাধান পুরোপুরি এআইয়ের হাতে ছেড়ে দিলে নির্ভরশীলতা তৈরি হয়। উদ্ভাবনের যুগে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মনন কাজে না লাগালে নতুন কিছু আবিষ্কারের ধারা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এআই নিজে থেকে মানুষের চিন্তাশক্তি বাড়াতে বা কাউকে নির্ভরশীল করে তুলতে পারে না। বরং শিক্ষার্থী কীভাবে এটি ব্যবহার করছে, তা থেকেই নির্ধারিত হয়—এটি চিন্তার উৎকর্ষে কাজে লাগছে নাকি কেবল নির্ভরতার কারণ হয়ে উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *