ইনস্টাগ্রাম রিলস-স্টোরি দেখা যাবে টিভি পর্দায়, জেনেনিন কিভাবে?

স্মার্টফোনের ছোট্ট স্ক্রিনের গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় আসছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করতে মেটা তাদের প্ল্যাটফর্মে নিয়ে এল নতুন ‘রিলস কাস্টিং’ ফিচার। এর ফলে এখন থেকে স্মার্টফোনের পরিবর্তে বাড়ির স্মার্ট টিভির বড় পর্দাতেও উপভোগ করা যাবে ইনস্টাগ্রামের জনপ্রিয় রিলস এবং স্টোরি।

নতুন ফিচারের চমক: মেটার এই নতুন আপডেটের সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হলো ‘রিলস কাস্টিং’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের ফোনে থাকা ইনস্টাগ্রাম রিলস বা সেভ করে রাখা ভিডিও সরাসরি টিভির স্ক্রিনে কাস্ট করতে পারবেন। মেটা জানিয়েছে, বড় স্ক্রিনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে অনুভূমিক ভিডিও (Horizontal Video) বিভাগ, যা টিভিতে ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আকর্ষণীয় করে তুলবে। এর ফলে পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট উপভোগ করা অনেক সহজ হয়ে যাবে।

কোন টিভিতে মিলবে এই সুবিধা? প্রাথমিকভাবে ২০২০ সাল বা তার পরে বাজারে আসা স্যামসাং স্মার্ট টিভিগুলোতে এই ফিচার ব্যবহারের সুবিধা পাওয়া যাচ্ছে। এর আগে ইনস্টাগ্রাম টিভি অ্যাপ কেবল অ্যামাজন ফায়ার টিভি এবং গুগল টিভি ডিভাইসের জন্য সীমাবদ্ধ ছিল। তবে মেটা তাদের পরিকল্পনায় জানিয়েছে, ধাপে ধাপে আরও বেশি সংখ্যক স্মার্ট টিভিতে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

কবে আসছে ভারতসহ অন্যান্য দেশে? ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে এই পরিষেবা চালু হয়ে গিয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, খুব দ্রুত ভারতসহ বিশ্বের অন্যান্য দেশেও এই ফিচারটি চালু করা হবে। মোবাইল অ্যাপের পাশাপাশি ইনস্টাগ্রামকে ঘরের বিনোদনের অবিচ্ছেদ্য অংশ করে তুলতেই মেটার এই বড় পদক্ষেপ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *