নবম শ্রেণির ছাত্রকে হস্টেলে মারধরের ভিডিয়ো ভাইরাল, সাসপেন্ড ৬ পড়ুয়া

হিমাচল প্রদেশের কিন্নৌরে নবম শ্রেণির এক ছাত্রকে মারধরের ঘটনায় ছয়জন সিনিয়র ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ, কিন্নৌরের রেকং পিও-র জওহর নবোদয় বিদ্যালয়ের হস্টেলে একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্র ওই জুনিয়র ছাত্রকে মারধর করে। ঘটনাটি সেপ্টেম্বর মাসে ঘটলেও গত ২৬ নভেম্বর, বৃহস্পতিবার মারধরের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং তারপরেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্কুল প্রশাসন, শিক্ষা দফতর এবং শিশু কল্যাণ কমিটির (সিডব্লিউসি) সদস্যরা বিদ্যালয় পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। কিন্নৌরের জেলাশাসক সোনাক্ষী সিং তোমর জানিয়েছেন, স্কুল পরিচালনায় গাফিলতির অভিযোগে বিদ্যালয়ের অধ্যক্ষকে শো-কজ নোটিস পাঠানো হয়েছে। আক্রান্ত ছাত্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ঘটনার সময় দায়িত্বে থাকা হস্টেল ইন-চার্জ, সহকারী সুপারিনটেনডেন্ট, ওয়ার্ডেন ও শিক্ষকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত ছয় ছাত্রকে ১৫ দিনের জন্য সাসপেন্ড করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ক্যাম্পাসে থেকে পরীক্ষা দেওয়ার অনুমতিও বাতিল করা হয়েছে তাদের। পুলিশ জানিয়েছে, সাসপেন্ড হওয়া ছাত্রদের বাড়ি থেকেই পরীক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরীক্ষা শেষ হওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, আক্রান্ত ছাত্রের পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হবে কি না, তা জানতে চাওয়া হলেও পরিবারের পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, পরিবার মামলা দায়ের করার সিদ্ধান্ত নিলে প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে।

জেলাশাসক সোনাক্ষী সিং তোমর আরও জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। ক্যাম্পাসের ভেতরে র‍্যাগিং, মাদক ব্যবহার বা নজরদারির ঘাটতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ আগে থেকেই বিষয়টি জানতেন কি না এবং তাঁদের কোনও গাফিলতি ছিল কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *