আপনার অজান্তেই কেউ দেখছে ব্যক্তিগত ছবি-মেসেজ? ফোন হ্যাকড হলে স্ক্রিনে ফুটে ওঠে এই ৫টি গোপন লক্ষণ!

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ব্যাঙ্কিং থেকে শুরু করে ব্যক্তিগত ছবি বা দরকারি নথিপত্র—সবই বন্দি থাকে এই একটা ছোট্ট ডিভাইসে। আর ঠিক এই কারণেই হ্যাকারদের মূল নিশানা এখন আপনার হাতের এই ফোনটি। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ফোন হ্যাক হওয়ার ঘটনাও ততটাই উদ্বেগজনকভাবে বাড়ছে।
সবচেয়ে ভয়ের বিষয় হলো, বেশিরভাগ মানুষ বুঝতেই পারেন না যে তাঁদের ফোনটি ইতিমধ্যেই হ্যাকড হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডে তাঁদের সমস্ত ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে। তবে আপনার ফোনটি হ্যাকারদের কব্জায় রয়েছে কি না, তা বোঝার জন্য প্রযুক্তির দুনিয়ায় ৫টি স্পষ্ট লক্ষণের কথা বলা হয়েছে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
১. অচেনা নম্বর থেকে ক্রমাগত ফোন ও মেসেজ
হঠাৎ করে যদি আপনার ফোনে অনবরত অপরিচিত বা আন্তর্জাতিক নম্বর থেকে ফোন কিংবা মেসেজ আসতে শুরু করে, তবে সতর্ক হোন। এর চেয়েও বিপজ্জনক লক্ষণ হলো, যদি দেখেন আপনার অজান্তেই আপনার নম্বর থেকে অন্য কারও কাছে ফোন বা মেসেজ চলে যাচ্ছে। এমনটা হলে বুঝবেন কোনো ক্ষতিকর ম্যালওয়্যার আপনার ফোনের কলিং ও মেসেজিং ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
২. ঘন ঘন রহস্যময় ‘পপ-আপ’ বিজ্ঞাপন আসা
ইন্টারনেটে বিভিন্ন অনিরাপদ ওয়েবসাইটে প্রবেশ করলে অজান্তেই ফোনে এক ধরণের ম্যালওয়্যার বা ক্ষতিকর সফ্টওয়্যার ঢুকে পড়ে। এই ম্যালওয়্যারগুলো আপনার তথ্য চুরি করার পাশাপাশি ফোনে ক্রমাগত বিরক্তিকর ‘পপ-আপ’ বিজ্ঞাপন পাঠাতে থাকে। এই ধরনের কোনো বিজ্ঞাপনে ভুল করেও ক্লিক করলে হ্যাকারদের কাজ আরও সহজ হয়ে যায়।
৩. মাত্রাতিরিক্ত ও দ্রুত ডেটা (Data) শেষ হওয়া
সারা দিনে খুব বেশি ইন্টারনেট ব্যবহার না করলেও কি আপনার দৈনিক ডেটা প্যাক দ্রুত ফুরিয়ে যাচ্ছে? এটি ফোন হ্যাক হওয়ার একটি অত্যন্ত বড় লক্ষণ। ফোন হ্যাকড হয়ে থাকলে ব্যবহারকারীর অজান্তেই ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন স্পাইওয়্যার অ্যাপ চলতে থাকে এবং ইন্টারনেটের মাধ্যমে হ্যাকারদের সার্ভারে আপনার ব্যক্তিগত তথ্য পাঠাতে থাকে। ফলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ডেটা খরচ হয়।
৪. স্ক্রিনে হঠাৎ ‘অচেনা অ্যাপ’-এর অনুপ্রবেশ
আপনার ফোনটি আনলক করার পর যদি মেনু স্ক্রিনে এমন কোনো অ্যাপ দেখতে পান, যা আপনি নিজে কোনোদিন ডাউনলোড বা ইনস্টল করেননি—তবে অবিলম্বে সাবধান হোন। হ্যাকাররা রিমোট অ্যাকসেসের মাধ্যমে ফোনে বিভিন্ন ক্ষতিকর ও ছদ্মবেশী অ্যাপ ঢুকিয়ে দেয়। ফোনে অপরিচিত কোনো অ্যাপ দেখামাত্রই তা ডিলিট বা আনইনস্টল করুন।
৫. স্বাভাবিকের চেয়ে দ্রুত ব্যাটারির চার্জ শেষ হওয়া
স্মার্টফোনের ব্যাটারি আগের চেয়ে দ্রুত শেষ হয়ে যাওয়া বা ফোন ব্যবহার না করলেও অতিরিক্ত গরম হয়ে যাওয়া মোটেও ভালো লক্ষণ নয়। ফোন লক বা বন্ধ থাকার মতো দেখাবে ঠিকই, কিন্তু ফোনের ব্যাকগ্রাউন্ডে হ্যাকারদের সফ্টওয়্যারগুলো অনবরত কাজ করার কারণে প্রসেসরের ওপর চাপ পড়ে এবং ব্যাটারির চার্জ দ্রুত খালি হতে থাকে।
ডিজিটাল দুনিয়ায় সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় বিপর্যয়। আপনার ফোনেও যদি এই লক্ষণগুলোর কোনো একটি মিলে যায়, তবে দেরি না করে ফোনটি ফরম্যাট করুন এবং সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নিন।