“প্রতিদিন ১৫ হাজার কোটির লোকসান”-কেন ফাঁকা পড়ে থাকে গুগলের হোমপেজ?

ইন্টারনেটের দুনিয়ায় পা রাখা মানেই প্রথমেই মনে পড়ে গুগল সার্চের কথা। চ্যাটজিপিটি বা আধুনিক এআই-এর যুগেও গুগল এখনও অপরাজিত সম্রাট। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, পৃথিবীর সবথেকে বেশি ভিজিট হওয়া ওয়েবসাইট গুগলের হোমপেজ কেন এত সাদা-মাটা? যেখানে ফেসবুক বা ইয়াহু-র মতো সাইটগুলো বিজ্ঞাপন আর কনটেন্টে ভরা থাকে, সেখানে গুগলের হোমপেজে শুধু থাকে একটি রঙিন লোগো আর ছোট্ট একটি সার্চ বক্স। এর পেছনে কি শুধুই সাদাসিধে ডিজাইন, নাকি রয়েছে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসায়িক মাস্টারপ্ল্যান?
অভাবে শুরু, স্বভাবে জয়!
শুনলে অবাক হবেন, ১৯৯৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন যখন গুগল তৈরি করেন, তখন এই ফাঁকা হোমপেজের পেছনে কোনও সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল না। আসলে তাঁদের ডিজাইন ও কোডিং জ্ঞান সীমিত ছিল বলেই তাঁরা সহজ-সরল একটি বক্স বানিয়েছিলেন। কিন্তু পরে দেখা যায়, সেই সময়কার ইয়াহু! বা এমএসএন-এর মতো জটলা পাকানো পেজের থেকে এই ‘ক্লিন ডিজাইন’ মানুষ বেশি পছন্দ করছেন।
গতিই যখন আসল শক্তি
সেই যুগে ইন্টারনেটের গতি ছিল অত্যন্ত কম। ইয়াহু বা এমএসএন-এর পেজ খুলতে যেখানে অনেকটা সময় লাগত, সেখানে গুগল নিমেষে লোড হয়ে যেত। বিজ্ঞাপনের ঝঞ্ঝাট না থাকায় গুগলের স্পিড মানুষকে মুগ্ধ করে। পপ-আপ ও ব্যানারে অতিষ্ঠ ব্যবহারকারীরা গুগলের এই মিনিমালিস্ট লুকের প্রেমে পড়ে যান। আর এই ‘ইউজার এক্সপেরিয়েন্স’-ই গুগলকে বিশ্বের সেরা ব্র্যান্ডে পরিণত করেছে।
প্রতিদিন ১৫ হাজার কোটির বিসর্জন?
একটু অঙ্কের হিসেবে আসা যাক। গুগলে প্রতিদিন গড়ে প্রায় ৮৫০ কোটি ভিজিট হয়। বিশেষজ্ঞরা বলছেন, গুগল যদি তাদের হোমপেজে ব্যানার বিজ্ঞাপন রাখত, তবে প্রতিদিন ৫ হাজার থেকে ১৫ হাজার কোটি টাকা অনায়াসে আয় করতে পারত। বার্ষিক হিসেবে এই অঙ্কটা গিয়ে দাঁড়াত ২০ থেকে ৫০ লক্ষ কোটি টাকায়! কিন্তু তবুও কেন সুন্দর পিচাইরা বিজ্ঞাপনের পথে হাঁটেন না?
আসল ব্যবসার জায়গা যখন ‘সার্চ রেজাল্ট’
গুগলের আসল ব্যবসা হোমপেজে নয়, বরং আপনি যখন কিছু লিখে সার্চ করেন, সেই পাতায়। আপনি যখন ‘সেরা স্মার্টফোন’ বা ‘বিদেশের ট্রাভেল প্যাকেজ’ লিখে সার্চ করেন, তখন গুগল বুঝে যায় আপনি একজন সম্ভাব্য খদ্দের। ঠিক সেই মুহূর্তে আপনাকে বিজ্ঞাপন দেখালে কোম্পানিগুলো বেশি লাভবান হয়। একেই বলা হয় ‘টার্গেটেড অ্যাডভার্টাইজিং’। হোমপেজ পরিষ্কার রেখে ব্যবহারকারীর বিশ্বাস অর্জন করা আর সার্চ পেজে মোক্ষম বিজ্ঞাপন দেখানো— এটাই হলো গুগলের আসল খেল!
গুগলের এই ফাঁকা হোমপেজ আজ আর শুধু কোনও ডিজাইন নয়, এটি ডিজিটাল মার্কেটিংয়ের ইতিহাসের সফলতম রণকৌশল। গুগল জানে, ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্যই দীর্ঘমেয়াদী লাভের আসল চাবিকাঠি।